দেবজিৎ মুখার্জি: বর্তমানে বিনোদন জগতে স্বনামধন্য গায়িকাদের মধ্যে একজন শ্রেয়া ঘোষাল। ৮ থেকে ৮০, সকলেই ওনার ফ্যান। তাঁর গান যে আজকের দিনে সঙ্গীতপ্রেমীদের মনে রাজত্ব করছে, তা না বললেও চলে। তাঁর কনসার্ট হওয়া মানে তো এক বড়সড় ও আলাদা ব্যাপার। ভিড় যে রীতিমত উপচে পড়ার মতো থাকবে, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার এমনই একটি অনুষ্ঠান ছিল শ্রেয়ার। সেখানে ভিড় জমান অজস্র মানুষ। কিন্তু কেউ ভাবতে পারেননি যে সেখান থেকে ঘটে বসবে অপ্রীতিকর ঘটনা।
ঘটনাটি ঠিক কী? বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে জনপ্রিয় গায়িকার এক লাইভ কনসার্ট ছিল। শ্রেয়া আসবেন জেনে, অনেকে ভিড় জমাতে শুরু করেন। বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাঁর ফ্যান থেকে শুরু করে অন্যান্য সঙ্গীতপ্রেমীরা। কিন্তু আচমকাই এই ভিড়ের মাঝে শুরু হয় গোলমাল, যা বাড়তে থাকে আস্তে আস্তে এবং তারপর ভয়ঙ্কর হয়ে যায় পরিস্থিতি। রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। এমনকি দুজন স্রোতা জ্ঞান পর্যন্ত হারিয়েছিলেন। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় তাঁদের। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, একেবারে মঞ্চের সামনেই ঘটনাটি ঘটে। একেবারে ব্যারিকেড ভেঙে শ্রেয়ার কাছে যাওয়ার চেষ্টা করেন তাঁর ভক্তরা। পরিস্থিতি শেষ পর্যন্ত এতটাই হাতের বাইরে চলে যায় যে অ্যাকশনে নামতে হয় পুলিশকে। এমনকি লাঠিচার্জ পর্যন্ত করা হয় বলে খবর। যদিও পুলিশ নিজের অবস্থান এই ব্যাপারে জানিয়েছে। তাদের বক্তব্য, কিছুক্ষণের জন্য হাতের বাইরে চলে গিয়েছিল পরিস্থিতি। তবে সময় মতো তা সামাল দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এই ধরনের ঘটনা আরও একবার মনে করিয়ে দিয়েছিল অতীতের কথাগুলি। আল্লু অর্জুনকে দেখতে গিয়ে একাধিক ব্যক্তির পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া থেকে শুরু করে কারুরে বিজয়ের কর্মসূচিতে পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণ হারানো, এই ঘটনাগুলি এখনো ভাবলে আঁতকে ওঠেন দেশের মানুষরা।

