নিউজ ডেস্ক: ব্যাট হাতে গত আইপিএলে তাক লাগিয়ে দিয়েছিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। একের পর এক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেলেছিলেন তিনি। এরপর জাতীয় দলের জার্সিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলায় তাঁকে সুযোগ দেওয়া হয় ‘রাইজিং স্টার এশিয়া কাপ’এ। গত ম্যাচে তিনি দুর্দান্ত শতরান করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ৪২ বলে করেছিলেন ১৪৪ রান। তবে রবিবার ভারত মুখোমুখি হবে পাকিস্তানের এবং তার আগেই বৈভবের সঙ্গে তাঁর বাবার কথাবার্তা বিসিসিআইয়ের ভিডিওতে ধরা পড়ে, যার পর নিজের অবস্থান জানান তরুণ তারকা।
রবিবাসরীয় সন্ধ্যায় ‘রাইজিং স্টার এশিয়া কাপ’এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচকে নিয়ে উন্মাদনা তুঙ্গে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে গত সিনিয়রদের এশিয়া কাপে যে সমস্ত ঘটনা ঘটেছে, তারপর সকলেরই আগ্রহ একেবারে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। বলা ভালো, সকলেই এখন অপেক্ষা করছেন বল গড়ানোর। বিশেষ করে সকলে নজর বেশি থাকবে বৈভব সূর্যবংশীর উপর। যেই ইনিংস তিনি তুলে ধরেছেন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে, তারপর থেকে তাঁকে নিয়ে সকলের আশা একেবারে আকাশ ছুঁয়েছে।
এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের ভিডিও ধরা পড়লো ইউএইর বিরুদ্ধে ম্যাচের পর বৈভবের সঙ্গে তাঁর বাবার কথাবার্তা। জানা গিয়েছে, তাঁর পিতা তাঁর ভুলগুলি শুধরে দিচ্ছিলেন। এই ব্যাপারে বৈভব বলেন, “সহজে খুশি হয় না বাবা। যদি আমি আজ ২০০ রানও করতাম, তাহলেও বাবা মনে করত যে আমি আরো রান করতে পারতাম। কিন্তু আমার মা সর্বদা খুশি। আমি ১০০ করি বা ০, আমি খুব ভালো খেলেছি। আমার মা সেটাই বলে।” তিনি আরো বলেন, “আলাদা করে আমি কিছু করার চেষ্টা করি না। নিজের স্বাভাবিক খেলাটা আমি শুধু খেলি। আমি বা দল দুজনেই সমস্যায় পড়তে পারি আলাদা কিছু করতে গেলে।” বলা ভালো, ইউএইর বিরুদ্ধে ম্যাচে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন বৈভব।
