দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মনের অবস্থা অত্যন্ত খারাপ ইডেনে পৌনে তিনদিনে ভারতের টেস্ট হারায়। একেবারে পরাজয়ের মুখ থেকে ম্যাচ নিজেদের নামে করেছেন টেম্বা বাভূমা ও তাঁর বাহিনী। একশোর নিচে ভারতকে অলআউট করে সিরিজে এগিয়ে গিয়েছে তারা। অর্থাৎ সিরিজে পরাজয় এড়াতে হলে এখন শুভমান গিলদের একমাত্র রাস্তা পরবর্তী টেস্ট জয়। তবে এমন লজ্জাজনক পরাজয়ের পর দলের সকল ক্রিকেটারদের ধমক দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। অন্যদিকে, প্রোটিয়া বাহিনীদের শিবিরে উৎসবের পরিস্থিতি।
জানা গিয়েছে, ম্যাচ শেষে দলের হেড কোচ গৌতম গম্ভীর নাকি সকল ক্রিকেটারকে বকাবকি করেছেন। শোনা যাচ্ছে, তিনি নাকি সকলকে বলেছেন যে এটি একেবারেই টেস্ট ক্রিকেটের ব্যাটিং নয়। এখানেই শেষ নয়, এর পাশাপাশি প্রাক্তন ভারতীয় তারকা নাকি এটাও বলেছেন যে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ব্যাট করতে গেলে অনেক ধৈর্যের ও মানসিক কাঠিন্যের দরকার, যা রবিবার ক্রিকেটের নন্দনকাননে দেখা যায়নি দলের ক্রিকেটারদের মধ্যে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার শিবিরে একেবারে উৎসবের পরিবেশ এই ম্যাচ জয়ের পর। জানা গিয়েছে, আধঘন্টা ধরে উৎসব চলেছে এবং শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে। শোনা যাচ্ছে, পাকিস্তান সিরিজ থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল ভারতের মাটিতে খেলা নিয়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার শিবিরে নাকি এমনটাও বলাবলি হচ্ছে যে টিম ইন্ডিয়া নিজেদের জ্বালেই নিজেরা ফেঁসে গিয়েছে।
ড্রেসিংরুমে বাভূমা সকলকে বলেছেন, “আমি ও গোটা দেশ গর্বিত যেভাবে তোমরা সকলে খেলেছ। গুয়াহাটির পরিস্থিতি যাই হোক না কেন, তোমরা খেলো খোলা মনে। মনে রেখো চাপ কিন্তু এখন পুরো ভারতের উপর। আমাদের আর সিরিজ হারার চাপ নেই। আমাদের কাছে সুযোগ রয়েছে ভারত থেকে সিরিজ জিতে ফেরার। আমাদের সেটা কাজে লাগাতে হবে।” এবার দেখার যে পরবর্তী, তথা সিরিজের অন্তিম টেস্টে, কেমন পারফর্ম করে ভারতীয় ক্রিকেট দল। কী হয় শেষ পর্যন্ত? সেটাই এখন দেখার।

