নিউজ ডেস্ক: মার্কিন মুলুকের রাজনীতির চাবিকাঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকলেও এই মুহূর্তে সেখানে জয়জয়কার চলছে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানির। যেভাবে ট্রাম্পের হুমকি উড়িয়ে তিনি নিউ ইয়র্কের নাগরিকদের মনে নিজের জায়গা করে তাঁদের ভোট জিততে পেরেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। শুধু তাই নয়, অনেকে আবার এটাও মনে করছেন যে মামদানির এই জয় একটি বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের জন্য। এমন পরিস্থিতিতে এক বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্পের পুত্র এরিক। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেছেন যে মামদানি ঘৃণা করেন ভারতীয়দের।
ঠিক কী বলেছেন ডোনাল্ড পুত্র? মামদানিকে বামপন্থী নেতার তকমা দিয়ে এরিকের বক্তব্য, “ইঙ্গিত দেয় নিউ ইয়র্কের পতন তাঁর উত্থান। দেশের মূল শহরগুলিকে ধ্বংস করছে অতি-বামপন্থী নীতিগুলি। মেয়র হিসেবে তাঁর মনোনিবেশ করা উচিত সাফ ও নিরাপদ রাস্তাঘাট থেকে শুরু করে যুক্তিসঙ্গত কর, ইত্যাদি মৌলিক ব্যাপারগুলির উপর। কিন্তু উনি হস্তক্ষেপ করছেন সরকারি বিষয়গুলির উপর এবং দিচ্ছেন নানারকমের পরামর্শ।” এরপরই এরিক সেই বিস্ফোরক মন্তব্যটি করেন। তিনি বলেন, “একজন সমাজতান্ত্রিক কমিউনিস্ট মামদানি। ভারতীয়দের ঘৃণা করেন তিনি। গ্রেপ্তার করতে চান ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তিনি ঘৃণা করেন ইহুদিদেরও।”
বলে রাখা ভালো, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় নিজের ঝুলিতে তুলে একাধিক ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। তিনি প্রথম মুসলিম মেয়র শহরের। এখানেই শেষ নয়, তিনি নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র গত ১০০ বছরের ইতিহাসে। তবে সরকারিভাবে তিনি শপথ নেবেন পরের বছর। ২০২৬ সালের প্রথমদিন, অর্থাৎ ১ জানুয়ারি, তিনি শপথ নেবেন। তাঁর জয় রীতিমতো হইচই ফেলে দিয়েছে মার্কিন রাজনীতিতে। অঞ্চলের চারিদিকেই এখন শোনা যাচ্ছে শুধু তাঁরই নাম। তবে রাজনৈতিক তরজা জারি রয়েছে। মামদানিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেনে শুরু থেকেই তাঁকে নানাভাবে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের পরেও তা অব্যাহত রাখেন।
