দেবজিৎ মুখার্জি: চলতি বছরে পহেলগাওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যা হওয়ায় সম্পর্ক আরো তলানিতে ঠেকেছিল ভারত ও পাকিস্তানের। যদিও ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে জবাব দেয় ভারত। তবে পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছিল যে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পর্যন্ত নারাজ ছিল। এমনকি করমর্দন করা থেকেও দূরে থাকবে বলে ঠিক করা হয়েছিল। তবে সেই নীতি ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা, তথা আম আদমি পার্টি সাংসদ, হারভাজান সিং। এক পাকিস্তানি বোলারের সঙ্গে করমর্দন করে তিনি জড়ালেন বিতর্কে। সমাজমাধ্যমেও সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এরপরই শুরু হয়েছে সমালোচনা।
ঘটনাটি ঠিক কী? আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন ভাজ্জি। আইপিএল পর্যন্ত খেলেন না এখন। তবে অবসরপ্রাপ্তদের টুর্নামেন্টগুলিতে তিনি খেলেন। এখন তিনি খেলছেন আবু ধাবি টি-১০ লিগে। আসপিন স্ট্যালিয়ন্স দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। বুধবার ভাজ্জিদের ম্যাচ ছিল ‘নর্দান ওয়ারিয়ার্স’এর বিরুদ্ধে। তাতে পরাজয়ের মুখ দেখে তারা তারা। তবে বিতর্কের সূত্রপাত ম্যাচ শেষে। ম্যাচের পর পাকিস্তানের বোলার শাহনাওয়াজ দাহানির সঙ্গে প্রাক্তন তারকা স্পিনার করমর্দন করেন, যা চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং এরপরই শুরু হয় সমালোচনার বন্যা। সকলেই তীব্র নিন্দা করেছেন প্রাক্তন ভারতীয় তারকার এবং দাবী করেছেন যে এমনটা করা একেবারেই উচিত হয়নি তাঁর।
বলে রাখা ভালো, এই হারভাজান সিংই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হননি গত লেজেন্ডস লিগে। এমনকি গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিরোধিতা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ভারতের একেবারেই খেলা উচিত নয় পাকিস্তানের সঙ্গে। উল্লেখ্য, সিনিয়রদের এশিয়া কাপে টিম ইন্ডিয়া তিনটি ম্যাচের একটিতেও করমর্দন করেনি পাকিস্তানের সঙ্গে। এখানেই শেষ নয়, মহিলাদের বিশ্বকাপেও একই চিত্র দেখা গিয়েছিল। তাঁরাও একই কাজ করেছিলেন। তবে এবার ভাজ্জি যা করেছেন, তা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। তবে সেই মাত্রা আরো বেড়েছে তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য।

