দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা, অন্তিম টেস্ট। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে প্রথম টেস্ট জিতে ভারতীয় ক্রিকেট দলকে ব্যাকফুটে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং এটি একটি ‘মাস্ট উইন গেম’ ‘মেন ইন ব্লু’র জন্য। তবে তার আগেই বড় দুঃসংবাদ দলের জন্য। ঘাড়ের চোটের কারনে বিশ্রাম দেওয়া হলো দলের অধিনায়ক শুভমান গিল কে এবং তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। অন্যদিকে, প্লেয়িং একাদশে সুযোগ পাওয়া সম্ভাবনা রয়েছে সাই সুদর্শনের।
ইডেন গার্ডেন্সে খেলা হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। একেবারে পরাজয়ের মুখ থেকে জয় নিজেদের নামে করেন টেম্বা বাভুমা ও তাঁর বাহিনী। ৩০ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় তারা। তবে এই ম্যাচে এক মারাত্মক সমস্যার সম্মুখীন হয় ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন দলের অধিনায়ক শুভমান গিল। স্লগ সুইপ মারতে গিয়ে টান লাগে তাঁর ঘাড়ের পেশিতে। ব্যাপারটা এতটাই গুরুতর হয় যে শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয় পরের দিন নেক ব্রেস পড়ে।
এরপর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন ওঠা শুরু করেছিল যে দ্বিতীয় টেস্টে গিলকে খেলতে দেখা যাবে কিনা। দলের সঙ্গে তিনি গুয়াহাটি গিয়েছিলেন ঠিকই তবে দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন যে চোট ফের ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ রয়েছে শুভমান গিলের খেলা নিয়ে। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আসে। গিলকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে মুম্বাই পাঠানো হয়েছে এবং সেখানে তিনি কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর পরামর্শ নেবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ দীনেশ পারদিওয়ালার। এবার দেখার বিষয় যে পান্থের নেতৃত্বে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে সিরিজে পরাজয় এড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।
