দেবজিৎ মুখার্জি: ইডেনের পর গুয়াহাটিতে ভারতের লজ্জাজনক হার যতটা আঘাত দিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের, তেমনি ক্ষুব্ধ করেছে তাঁদের। সেটারই বহিঃপ্রকাশ হয় বুধবার। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর দলের হেড স্যার, তথা প্রাক্তন ভারতীয় তারকা, গৌতম গম্ভীরকে শুনতে হয় ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ ক্ষুব্ধ দর্শকদের চুপ থাকতে বলেন। শুধু তাই নয়, চেঁচাতে দেখা যায় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ম্যাচের পর সকলেই একেক করে জড়ো হচ্ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। তখন দলের কয়েকজন সমর্থক হেড কোচ গৌতম গম্ভীরকে লক্ষ্য করে তুলতে শুরু করেন ‘গো ব্যাক’ স্লোগান। তাঁদের দিতে দেখা যায় ‘গম্ভীর হায় হায়’ ও ‘গো ব্যাক’ গম্ভীর স্লোগান। গৌতি তখন কাছেই দাঁড়িয়েছিলেন। তবে এতকিছু দেখার পরও তিনি কোন পাল্টা জবাব দেননি। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে দেখা যায় সিরাজকে। তিনি দর্শকদের চুপ থাকতে এবং সংযমী হতে বলেন। শুধু তাই নয়, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক চিৎকার করে বলেন, “যিনি এত কথা বলেন দেশের হয়ে, আপনারা তাঁকেই হায় হায় বলছেন?”
তবে পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ময়দানে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের টিম ম্যানেজারদের তরফ থেকে দায়ের করা হয় অভিযোগ যখন গোটা বিষয়টি উগ্র হতে শুরু করে। অ্যাকশন মোডে নামতে হয় সেখানে মোতায়েন থাকা পুলিশকেও। তাঁরা দ্রুত সেখানে ছুটে যান এবং যেই ক্ষুব্ধ সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের মধ্যে একজনকে শনাক্ত করেন। স্ট্যান্ড থেকে সেই ব্যক্তিকে আটক করা হয়। যদিও দিনের শেষে সমালোচনা অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে চারিদিকেই নিন্দা জারি রয়েছে এমন বিশ্রী পরাজয়ের জন্য।
প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে পরাজিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন গৌতম গম্ভীর। তাঁকে সরাসরি টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় এবং তার জবাবে তিনি সাফ জানান যে পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। এখানেই শেষ নয়, সূত্র মারফত জানা গিয়েছে যে টেস্ট ক্রিকেটে ব্যর্থ হলেও এখনই গম্ভীরকে ছাটাই করা হবে না। অর্থাৎ, এখনো তাদের আস্থা রয়েছে প্রাক্তন ভারতীয় তারকার উপর। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি সিদ্ধান্ত নেওয়া হয় গম্ভীরকে নিয়ে।

