রোকোকে নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? প্রশ্নের মুখে দুজনের ওডিআই ভবিষ্যৎ

রোকোকে নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? প্রশ্নের মুখে দুজনের ওডিআই ভবিষ্যৎ

দেবজিৎ মুখার্জি: আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে হলেও এখন থেকেই তা নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা ভালো, এখন থেকেই শুরু হয়েছে তাদের ঘুঁটি সাজানো। তবে এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামীদিনে তাঁদের নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর দুজনের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড, যেখানে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও দলের হেড কোচ গৌতম গম্ভীরও।

এক বোর্ড সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই ব্যাপারে অবস্থান জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দুজনে তারকা হলেও তাঁদের বজায় রাখতে হবে ধারাবাহিকতা। সেই বোর্ড সূত্রের বক্তব্য, “আমরা পরিষ্কার বার্তা আশা করি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের থেকে। আমাদের জানা দরকার কী ভূমিকা হবে দুজনের। দুজনের খেলা উচিত নয় অনিশ্চয়তা নিয়ে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই তারকার খেলায় একেবারেই সন্তুষ্ট নন বোর্ড কর্তারা। বলা হচ্ছে, “তৃতীয় ম্যাচে রান পেয়েছিলেন দুজনে। তবে ততক্ষণে হাতের বাইরে চলে গেছে সিরিজ। বোলাররা জয়ের পরিস্থিতি তৈরি করে গিয়েছিল ওই ম্যাচে। কিন্তু প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি দুজনে। এমনটা চলতে পারেনা সমস্ত সিরিজে।”

তবে বিশ্বকাপের সময় রোহিত ও বিরাট, দুজনেরই বয়স অনেক হয়ে যাবে। ৪০এর গণ্ডি ছোঁবেন হিটম্যান। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। সুতরাং একটা প্রশ্ন উঠবেই দুই তারকার ফর্ম ও ফিটনেস নিয়ে। যদিও প্রাক্তন অধিনায়ককে ইতিমধ্যেই নাকি বলা হয়েছে কাজ করতে নিজের ফিটনেসের উপর। পাশাপাশি, জায়গা টিকিয়ে রাখার জন্য দুজনকে আরও একটি কাজ করতে বলা হয়েছে। বোর্ড সূত্রের বক্তব্য, “নির্ভীকভাবে খেলুক রোহিত। এটা ঠিক যে পিচ কঠিন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রোহিতের তরফ থেকে কোন ঝুঁকি নিতে চাওয়া হয়নি। আশা করা হচ্ছে যে দুজনেই তরুণদের জন্য একটি উদাহরণ তৈরি করুক সাহসী ব্যাটিংয়ের দ্বারা।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *