দেবজিৎ মুখার্জি: সিনে-দুনিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের বেতন বৈষম্য নিয়ে এবার মুখ খুললেন বলিউডের অন্যতম এভারগ্রিন বিউটি মাধুরী দীক্ষিত। কী বক্তব্য অভিনেত্রীর? গোটা বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে তিনি দাবি করেন যে শুধু সিনেমা ইন্ডাস্ট্রিতে নয়, এমন জিনিস দেখা যায় প্রতিটা কর্পোরেট সেক্টরে। যদিও এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে সমতা বজায় রাখা দরকার পুরুষ ও নারীর বেতনের ক্ষেত্রে। পাশাপাশি, নিজের অবস্থান জানান দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার শুটিং শিফটের দাবি নিয়েও এবং প্রসঙ্গ টেনে আনেন তাঁর অভিনীত ছবি মিসেস দেশপাণ্ডেরও।
মাধুরী দীক্ষিত বলেন, “শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, প্রত্যেক কর্পোরেট সেক্টরেই দেখা যায় বেতন নিয়ে বৈষম্য। এটা চিরকালের। বহুদিন ধরে অনেকে এটি নিয়ে লড়ে যাচ্ছেন এবং এটা বলার চেষ্টা করছেন যে অভিনেত্রীদেরও বেতন বাড়ানো উচিত। পুরুষদের থেকে বেশি দিতে হবে তা বলছি না। কিন্তু জানেন তো কোথাও একটা ইকোয়ালিটি বজায় রাখা উচিত।”
এরপরই দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার শুটিং শিফটের দাবি নিয়ে নিজের মতামত জানান মাধুরী। তিনি বলেন, “আমরা ১২ ঘন্টার শিফটে প্রতিদিন কাজ করতাম মিসেস দেশপাণ্ডে ছবিতে অভিনয় করার সময়। হতেও পারে তার থেকে বেশি। তাই সকলের নিজস্ব মতামত রয়েছে বলে আমার মনে হয়। যেমন আমি অত্যন্ত কাজপাগল মানুষ। আমি অন্যভাবে দেখি বিষয়টিকে। তবে যদি কোনও অভিনেত্রী অনায়াসে এটা বলতে পারেন যে আমি এত ঘন্টা কাজ করতে চাই, তাহলে বুঝে নিতে হবে তার ক্ষমতা রয়েছে এবং আরো শক্তি কামনা করলাম সেই অভিনেত্রীর জন্য। কাউকে জোর করা উচিত নয় নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে। প্রত্যেকের ব্যক্তিগত অধিকার রয়েছে কাজের সময়সীমা বেছে নেওয়ার।”
উল্লেখ্য, বলিউডের ব্লকবাস্টার অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি একাধিক ছবিতে কাজ করেছেন। একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন এবং উপহার দিয়েছেন অজস্র হিট ছবি। এছাড়া তাঁর ‘ফ্যান ফলোইং’ও চরম। একটা সময়ে সকলেই তাঁর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন।

