বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ তাঁর সতীর্থরা

বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ তাঁর সতীর্থরা

দেবজিৎ মুখার্জি: বরাবরই ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় বিরাট কোহলি। তবে সম্প্রতি রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি যেই ইনিংসটি খেলেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের সকল ক্রিকেটপ্রেমী এবং এরপর যেন তাঁকে নিয়ে আলোচনার মাত্রা আরো বেড়ে গিয়েছে। যেভাবে বিরাট নিজের ইনিংসকে সাজিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থরা। সকলেই কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ।

রবিবার ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে টিম ইন্ডিয়ার তরুণ তারকা তিলক ভার্মা বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “আবারও একটা অন্যতম শ্রেষ্ঠ ইনিংস দেখলাম। আরো ভালো লাগছে এটা ভেবে যে বিরাট ভাইয়ের এই ইনিংসটা দেখলাম চোখের সামনে।” বিরাটের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে এনে এমআই তারকা আরো বলেন, “বিরাট ভাই এমন অবিশ্বাস্য খেলা খেলে যাচ্ছেন গত ১৭ বছর ধরে। শেখার চেষ্টা করি আমি বিরাট ভাইয়ের থেকে।”

অন্যদিকে, দলের তারকা স্পিনার কুলদীপ যাদবও বিরাট কোহলিকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, “মনে হচ্ছিল যেন সেই ২০১৭-১৮ সালের বিরাট ভাইকে দেখছি। অসাধারণ ব্যাটিং।” কেমনভাবে নিজের ইনিংস গুছিয়েছেন, তাও তুলে ধরেন কুলদীপ। তিনি বলেন, “প্রত্যেকটা বল উনি খেলছিলেন ব্যাটের সঠিক জায়গা দিয়ে। এমন একটা ইনিংস খেলা যায় যখন নিজের উপর পুরো বিশ্বাস থাকে।” তবে বিরাটের দায়িত্ব যে শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়, সেটাও তুলে ধরেন তারকা স্পিনার। কুলদীপ বলেন, “এটা ভাববেন না যে ব্যাটিং করেই ওনার কাজ শেষ হয়ে যায়। যখন আমরা বল করি, তখন উনি অনেক পরামর্শ দেন আমাদের।”

উল্লেখ্য, রাঁচিতে বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস, যার মধ্যে রয়েছে ১১টি চার এবং ৭টি ছয়। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছান তিনি। তাঁর এই ইনিংসের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *