দেবজিৎ মুখার্জি: হাজার বিতর্কের বাধা পেরিয়ে মুক্তি পেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’। বর্তমানে ছবিটি বেশ ভালই দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে। স্বাভাবিকভাবে, দুর্দান্ত ব্যবসাও করে চলেছে। অভিনেতাদের অ্যাকটিং থেকে শুরু করে গল্প, ফাইট সিন, সবকিছুরই প্রশংসা করেছেন সিনেমাপ্রেমীরা। এক কথায় বলতে গেলে, ‘ধুরন্ধর’ নিয়ে সকলের আগ্রহ ও উন্মাদনা দিনদিন বেড়ে চলেছে।
এই পরিস্থিতিতে ‘ধুরন্ধর’ নিয়ে বিতর্কিত রিভিউ করে ট্রোল ও মিমের শিকার হন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। যদিও পরে তিনি আরও একটি পোস্ট করে সাফাই দেন, কিন্তু তা সত্ত্বেও থামেনি সমালোচনা। এবার ট্রোলড হলেন বলি অভিনেত্রী রাধিকা আপতে। ছবিটির নাম না নিয়ে খোঁচা দিতে গিয়ে তাঁকেই খোঁচা খেতে হলো সিনেমাপ্রেমীদের। অনেকে আবার তাঁর অতীতের ছবিগুলির প্রসঙ্গ টেনে আনেন। বলা ভালো, সিনেমাপ্রেমীরা রীতিমতো দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তারকা অভিনেত্রীর বিরুদ্ধে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, “আমি খুবই বিরক্ত আজকের দিনে যেভাবে হিংসাকে বিক্রি করা হচ্ছে বিনোদনের নামে এবং প্রকাশ্যে এটা আমাকে বলতে হচ্ছে যে আমি এমন এক পৃথিবীতে বড় করতে চাই না শিশুকে যেখানে বিনোদন বলে চালানো হয় হিংসাত্মক ছবিকে। কারণ আমি এর মোকাবিলা একদমই করতে পারি না। আজকের দিনে শক দিয়ে গল্প শোনানো হয় অডিয়েন্সদের। আমি যদি তেমন একটা মানুষের গল্প বলি যে কাউকে কেটে ফেলেছে টুকরো টুকরো করে, তাহলে আমার তো প্রয়োজন নেই ওই কেটে ফেলার দৃশ্যটা দেখানোর। কিংবা যেমন ভয়ঙ্কর আচরণ করা হচ্ছে সেই মানুষটির সঙ্গে, তা তো দেখাবো না আমি। এটা স্টোরি টেলিং নয়। অন্তত আমি এমন দেখিনি। এমন ছবি সমাজে বড় প্রভাব ফেলছে এবং দর্শকরাও তা নিচ্ছে দেখে আমি আরো বিরক্ত বোধ করছি।”
বলি অভিনেত্রীর এমন মন্তব্য জনসম্মুখে আসতেই নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ‘ধুরন্ধর’ ছবির রিলিজের আবহে রাধিকার এমন মন্তব্য শুনে অনেকেই মনে করছেন যে তিনি এই ছবিটির উদ্দেশ্যেই বলেছেন। অনেকে অ্যানিমেল ছবির প্রসঙ্গ তোলার পাশাপাশি রাধিকার অতীতের ছবি ‘স্যাক্রেড গেমস’ ও ‘রক্ত চরিত্র’এর প্রসঙ্গও টেনে আনেন। কেউ কেউ আবার রাধিকাকে সরাসরি ‘হিপোক্রিট’ তকমা পর্যন্ত দিয়েছেন। তবে দিনের শেষে এর থেকে এটা প্রমাণিত যে দর্শক কতটা দারুনভাবে ‘ধুরন্ধর’ ছবিটিকে গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত এটাই দেখার যে ছবিটির বক্স অফিস কালেকশন কত হয়।

