আর্জেন্টাইন সংবাদমাধ্যমে যুবভারতীর ঘটনার নিন্দা

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে যুবভারতীর ঘটনার নিন্দা

নিউজ ডেস্ক: বর্তমানে যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। গত শনিবার ফুটবলের GOAT মেসিকে দেখা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার নিন্দা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই। সোশ্যাল মিডিয়ায় এখনো এই নিয়ে চলছে জোড় আলোচনা। বলা ভালো, এখনো কেউ মেনে নিতে পারছেন না যে আর্জেন্টাইন তারকা এমন বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কলকাতায় এসে। ঘটনা জনসম্মুখে আসতেই শুধু ভারতীয় সংবাদমাধ্যমগুলিই নয়, নিন্দা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও। রবিবারই ব্রিটেনের এক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে লিখেছে, যার জেরে মাথা একেবারে হেট হয়েছে তিলোত্তমার। 

এবার ঘটনার নিন্দা করা হলো আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তরফ থেকেও। ঘটনাটি নিয়ে বিস্তারিতভাবে লেখা হয়েছে ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। শিরোনামে ‘ক্লারিন’ লিখেছে, ‘মেসিকে নিয়ে বিশৃঙ্খলা ভারতে’। শুধু তাই নয়, প্রতিবেদনে আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠার কথাটিও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, “২২ মিনিটে শেষ করতে হয় অনুষ্ঠান চেয়ার ও জলের বোতল ছোড়ার কারণে, যার ফলে সংকট সৃষ্টি হয়। তারপরও দূরে সরিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামে মেসি ঢুকতেই শুরু হয় বিপত্তি এবং বিতর্ক সৃষ্টি হয়। চড়া দামে টিকিট কেটে সকলে মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু কর্মকর্তাদের কারণে বাধা সৃষ্টি হয়। অনুষ্ঠানটি নষ্ট হয়েছে আর্জেন্টাইন তারকার সঙ্গে নেতা-কর্তাদের ছবি তোলার জন্য।”

অন্যদিকে ‘লা নাসিয়েন’ ঘটনাটিকে ‘গুরুতর দাঙ্গা’র তকমা দিয়েছে। নিজেদের প্রতিবেদনে তারা লিখেছে, “লিও মেসির সফর শনিবার তাড়াতাড়ি শেষ করা হয় ভারতের কলকাতার এক স্টেডিয়ামে। স্টেডিয়াম ছেড়ে চলে যান মেসি। দর্শকরা নিন্দা করেছেন যে কেলেঙ্কারি করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।” স্বাভাবিকভাবেই, এই ঘটনা নিয়ে যেভাবে আন্তর্জাতিক সমাজমাধ্যমগুলিতে লেখালেখি হয়েছে বা হয়ে চলেছে, তাতে যে কলকাতার মুখ পুড়েছে, তা না বললেও চলে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে এই গোটা বিষয়টি নিয়ে আর কি হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *