দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কান্ড নিয়ে তোলপাড় নেটপাড়া সহ গোটা বাংলা। মেসিকে দেখতে না পেয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা, তা দেখে স্তম্ভিত বাংলা সহ গোটা ভারতবর্ষ। এক কথায় বলতে গেলে, একেবারে তান্ডব নৃত্য চলেছে সেখানে। সমাজমাধ্যমেও ঘটনার চরম নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে কলকাতা যা করে দেখাতে পারেনি, তা করে দেখানো হয়েছে হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরের তরফ থেকে। বলা ভালো, এই ঘটনার জেরে কলকাতা সহ গোটা বাংলার মুখ বিশ্রীভাবে পুড়েছে। চারিদিকে এখন বইছে নিন্দার বন্যা।
তবে ঘটনার মাঝে কটাক্ষের শিকার হতে হয় বাংলা ছবির লেডি সুপারস্টার, তথা রাজ চক্রবর্তী জায়া, শুভশ্রীর। মেসির সঙ্গে ছবি তোলার পর তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনার বন্যা। তাঁকে ট্রোল করার পাশাপাশি মিম পর্যন্ত বানানো হয় তাঁকে নিয়ে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টলিউডের অনেকে। শুধু তাই নয়, শুভশ্রীর নিন্দুকদের একহাত নিয়েছেন তাঁর ভক্তরাও। স্বামী রাজ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও শুভশ্রীর সমর্থনে বহু পেজ ও নেটিজেন পোস্ট করেছেন। অনেকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিসের স্ত্রী ও বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খানের প্রসঙ্গও টেন এনেছেন। যদিও ‘এ বাংলার মুখ’ সেই বিষয়ে নাক গলাবে না।
এবার এই নিয়ে মুখ খুললেন খোদ শুভশ্রী। একটি ভিডিওবার্তায় তিনি সবটি জানান। তবে যেহেতু ‘এ বাংলার মুখ’ রাজনীতিতে নাক গলাবে না, তাই সেই অংশটিতে আমরা যাব না। তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনারা শুভশ্রীর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/1DE2yprWQT/
শুভশ্রী বলেছেন, “আমি একজন নারী, বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। ছবি তুলতে আসেননি শাহরুখ খান? কি দোষ আমার? আমাকে কটাক্ষ করা হচ্ছে কারো প্রাক্তন প্রেমিকা বলে। ২০২৬ আস্তে চলেছে। মহিলা হয়েও এভাবে সম্মোধন করা হচ্ছে মহিলাদের। ঠিক করলেন তো আপনারা?” এরপরই তিনি তাঁর সন্তানদের হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। শুভশ্রী বলেছেন, “আমি ভাবছিলাম হয়তো আমাকে বলে মন হালকা হচ্ছে। কিন্তু কাল থেকে আক্রমণ করা শুরু হয়েছে আমার বাচ্চাদের। বলা হচ্ছে ওদের মেরে ফেলা হবে। মা হয়ে আমি তো তা মেনে নেব না।”

