সূর্য-শুভমান ফর্মে না থাকলেও চিন্তার কারণ নেই বলে মনে করছেন শিবম

সূর্য-শুভমান ফর্মে না থাকলেও চিন্তার কারণ নেই বলে মনে করছেন শিবম

দেবজিৎ মুখার্জি: প্রোটিয়াদের বিরুদ্ধে এই মুহূর্তে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১এ এগিয়ে থাকলেও দেশের ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের খারাপ ফর্ম। ব্যাট হাতে লাগাতার ব্যর্থ দুই তারকা। অনেকে আবার তাঁদের দুজনকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছেন। যদিও সেটিকে চিন্তার কারন বলে মনে করছেন না দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। আর কিছুক্ষণ পরই তারা নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে লখনৌতে। দলের হয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং এই ব্যাপারে অবস্থান জানান। 

শিবম দুবে বলেন, “সূর্যকুমার যাদব এমন একজন ক্রিকেটার যে একাই জেতাতে পারে টানা পাঁচটা ম্যাচ। ও ফর্মে নেই মানে যে ও ভালো ক্রিকেটার নয়, সেটা তো নয়। ও সেরা ব্যাটারদের মধ্যে একজন। ও যা করার ক্ষমতা রাখে, তা আর কেউ পারে না। কয়েকটা ম্যাচ রান পাইনি ঠিকই তবে ঠিক সময়ে ফর্মে চলে আসবে। যেকোনও দিন আগ্রাসী ও বড় ইনিংস খেলে দিতে পারে। সূর্যকুমার যাদব খুবই লড়াকু ক্রিকেটার। রান করুক না করুক, একই থাকে। সর্বদা চেষ্টা করে দলের জন্য কিছু করার। উদ্ভাবনী শট রয়েছে ওর হাতে, ও এমন একজন ব্যাটার। ও দলের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে। শট খেলতে পারে মাঠের সবদিকে।”

অন্যদিকে, শুভমান গিলের ফর্মের প্রসঙ্গ উঠলে শিবম বলেন, “আমি মনে করি শুভমান এমন একজন ব্যাটার, যে ফর্মে থাকুক না থাকুক, কিন্তু সর্বদা ভালো থাকে স্ট্রাইক রেট। ঠিক থাকে গড়ও।” এর সঙ্গে গিলের পারফরমেন্স নিয়েও কথা বলেন তিনি। শিবমের বক্তব্য, “ও দেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছে গত কয়েক বছর ধরে। একটা কথা মনে রাখতে হবে যে পড়া-ওঠা, এই জিনিসটা খেলারই একটা অংশ। শুভমান দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। তাই চিন্তার কোন কারণ নেই।” এবার দেখার যে আজকের ম্যাচে দুজনের দাগ কাটতে সফল হন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *