দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। সরকারের তরফ থেকে পদক্ষেপ করা সত্ত্বেও এখনো যেন থামার নাম নেই সমালোচনার। এখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট। যেভাবে মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন অজস্র দর্শকরা, তার নিন্দা করে যাচ্ছেন সকলে। এই আবহে থানায় অভিযোগ দায়ের করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আপত্তিকর মন্তব্য করায় প্রাক্তন বিসিসিআই সভাপতি পুলিশে অভিযোগ জানান এক ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে।
গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। মহারাজ মাঠে পর্যন্ত এসেছিলেন। কিন্তু পরিস্থিতি উগ্র হয়ে যাওয়ায় তিনি স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন। যেভাবে ক্ষুব্ধ দর্শকরা তান্ডব চালিয়েছেন, তাতে তিনি বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। কিন্তু তা সত্বেও আর্জেন্টাইন ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা একের পর এক আপত্তিজনক মন্তব্য করেছেন দাদার বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে উত্তম সাহা বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন মেসি সফরের নেপথ্যে। কিন্তু শতদ্রু দত্তকে শিখন্ডি খাড়া করা হয়েছে সামনে মূল উদ্যোক্তা হিসেবে।”
পদক্ষেপ নেন মহারাজ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন যে ফ্যান ক্লাবের সেই কর্তা যেই মন্তব্য করেছেন তা আপত্তিকর, মানহানিকর এবং মিথ্যা এবং এর জেরে তিনি হারাচ্ছেন সুনাম ও মানসিক শান্তি। অভিযোগ জানানোর পাশাপাশি আইনি নোটিশ পাঠানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে উত্তম সাহার বিরুদ্ধে এবং ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সরকারি অতিথি হিসেবে এবং অন্য কোনভাবে তাঁর যোগ নেই এই সফরের সঙ্গে।
সেক্ষেত্রে দেখার বিষয় যে গোটা বিষয়টির জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। উত্তম সাহা এর পরিপ্রেক্ষিতে কি বলেন বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। তবে গোটা ঘটনার জেরে যে রাজ্যে এক বিশাল অশান্তি তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। সুতরাং এবার দেখার যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
