নিউজ ডেস্ক: গত রবিবার এক ভয়াবহ মুহূর্তে সাক্ষী হয় সিডনি সহ গোটা অস্ট্রেলিয়া। জনপ্রিয় বন্ডি বিচে দুপুরবেলায় অন্তত ১০০০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন ‘হানুকা’ উৎসব উপলক্ষে। তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেখানে ঢুকে পড়ে দুই বন্দুকবাজ এবং শুরু হয় গুলিবৃষ্টি। একেবারে চোখের নিমেষে উৎসবের মুহূর্ত পরিণত হয় আতঙ্কের পরিবেশে। ১৬ জন মানুষের মৃত্যু হয়। হামলাকারী দুই সন্ত্রাসবাদি সাজিদ আক্রম (৫০) ও নাভিদ আক্রম (২৪)। সম্পর্কে তারা বাবা-ছেলে। স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। গোটা বিশ্ব দাবি করেছে যে এটি একটি ঘৃণ্য অপরাধ।
তবে এই সবকিছুর মাঝে বীরের মতো একটি কীর্তি করেছিলেন ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। যখন গাছের আড়াল থেকে আততায়ী গুলি চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে তার বন্ধু কেড়ে নেন আহমেদ। যদিও গোটা ঘটনায় তিনিও আঘাত পান। এই সময়ে অন্য আততায়ীর গুলিতে তিনি আহত হন। বর্তমানে আহমেদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এই ঘটনা গোটা বিশ্বের ছড়িয়ে পড়তেই যেমন ভয় পেয়েছেন অনেকে, তেমনি প্রশংসা করেছেন আহমেদের সাহসকে। এক কথায় বলতে গেলে, একেবারে নায়কের তকমা দেওয়া হয়েছে ফলবিক্রেতাকে। তাঁর সাহসকে স্যালুট জানানো হয়েছে।
তবে এবার আহমেদ পেলেন আরো বড় পুরস্কার। প্রায় ১৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল তাঁর হাতে। তাঁর এই সাহসকে সম্মান জানিয়ে বহু মানুষ অর্থ দেন তাঁর নামে এক অনুদান সংস্থার ওয়েবসাইটে। জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার মানুষ অনুদান দিয়েছেন বিশ্বের নানা অঞ্চল থেকে। শুক্রবার ফলবিক্রেতার হাতে এই টাকা তুলে দেওয়া হয় সংস্থার দুই আধিকারিকের তরফ থেকে। তাঁরা হাসপাতালে গিয়ে আড়াই মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের এই চেক তুলে দেন আহমেদের হাতে। এছাড়া আহমেদের এই সাহসী কীর্তির চরম প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও। তিনিও এই কীর্তি জানতে পেরে অত্যন্ত মুগ্ধ হয়েছেন।

