ফর্মে ফেরা নিয়ে আশাবাদী সূর্য

ফর্মে ফেরা নিয়ে আশাবাদী সূর্য

দেবজিৎ মুখার্জি: “অবশ্যই ফিরতে দেখবেন” আসন্ন টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পেয়ে নিজের ফর্ম প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। বর্তমানে তিনি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা তিনি স্বাভাবিক হিসেবেই দেখছেন। তাঁর দাবি যে এমনটা বহু ক্রিকেটারের সঙ্গেই ঘটেছে এবং তিনি জানেন যে কোথায় ভুল হচ্ছে এবং এর জন্য কি করতে হবে। এক কথায় বলতে গেলে, তিনি আশাবাদী ফর্মে ফেরা নিয়ে।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে হবে ২০ ওভারের বিশ্বকাপ। জয়কে পাখিরচোখ করে প্রায় সকলেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। ব্যতিক্রম হয়নি টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও। এখন থেকেই বিভিন্ন সিরিজের মাধ্যমে নিজেদের প্রস্তুতি পর্ব সারছেন সকল ক্রিকেটার। অভিষেক, সঞ্জু, তিলক থেকে শুরু করে দলের সকল ক্রিকেটারই নিজেদের সেরাটা দিতে মরিয়া এবং সেই কারণে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছেন। 

এরই মাঝে যদিও দেশের ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। বর্তমানে ব্যাট হাতে তিনি একটুও ছন্দে নেই। তেমন প্রভাব ফেলতে পারছেন না। অল্প রানেই ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। তবুও টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। শনিবার, ২০ ডিসেম্বর, দল ঘোষণা করা হয়েছে। তবে শুভমান গিল সুযোগ পাননি। ক্রিকেটপ্রেমীরা যদিও মনে করছেন যে সূর্যকুমার যাদবকে হয়তো বিশ্বকাপের পর স্ক্যানারে রাখতে পারেন নির্বাচকরা। সুতরাং এবার বিষয়টা কঠিন হতে চলেছে স্কাইয়ের ক্ষেত্রে।

তবে চলতি ফর্ম নিয়ে একটুও চিন্তিত নন সূর্য। বরং তিনি আশাবাদী যে শীঘ্রই তাঁর ব্যাট থেকে রান আসবে। স্কাইয়ের বক্তব্য, “আমি নিশ্চিত যে সকল ক্রিকেটারই কখনো না কখনো নিজেদের কেরিয়ারে এই সময়ের মধ্যে দিয়ে গেছে। এই ওঠাপড়া লেগেই থাকে। তবে আমি জানি কি করতে হবে আমাকে। এমনকি ভুলটা কোথায় হচ্ছে, সেটাও আমি জানি। হাতে এখনো কিছুটা সময় আছে। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তারপর বিশ্বকাপ। আপনি অবশ্যই দেখবেন সূর্যকে ফিরে আসতে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *