দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জোড় আলোচনা চলছে বাংলাদেশের দিপু দাসের হত্যাকাণ্ড নিয়ে। যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে এবং যেভাবে এরপর পৈশাচিক উল্লাস করা হচ্ছিল, তা দেখে রীতিমতো গা শিউরে উঠেছে নেটিজেনদের। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। যদিও বহু নেটিজেন এমনও দাবি করছেন যে পাল্টা দেওয়া উচিত, আবার অনেকে সেকুলারিজমের পথে হাঁটার কথা বলছেন। তবে দিনের শেষে, এই ঘটনা সকল মানুষের মনে চরম আতংক তৈরি করেছে।
বিনোদন জগতের একাধিক ব্যক্তি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন। সেই তালিকা থেকে বাদ যাননি জনপ্রিয় কৌতুকশিল্পী, তথা বিগ বস বিজেতা, মুনাওয়ার ফারুকী। দিন দুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম থেকে এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং ঘটনাটির চরম নিন্দা করেন। ধর্ম রক্ষা করার এটি পদ্ধতি কি না, সেই ব্যাপারে প্রশ্ন তোলেন। এখানেই শেষ নয়, হত্যাকারীদের অমানবিক দানবের সঙ্গে তুলনা করে তিনি গোটা বিশ্বকে অনুরোধ করেন এই নিয়ে আওয়াজ তোলার এবং অপরাধীদের ফাঁসিতে ঝোলানোর।
মুনাওয়ার একটি ছবি পোস্টে লিখেছেন, “ঘটনার এই ভয়াবহ ভিডিও দেখে যতটা আমি অসুস্থ বোধ করছি, ততটা আমার মনে প্রশ্ন জাগছে মানবিকতা নিয়ে। এটাই কি পদ্ধতি ধর্ম রক্ষা করার? এই লোকগুলি কিছুই নয় অমানবিক দানব ছাড়া।” এরপরই গোটা বিশ্বকে এই ব্যাপারে সরব হওয়ার জন্য অনুরোধ করেন মুনাওয়ার। ছবি পোস্টে তিনি লিখেছেন, “আর গোটা বিশ্ব চুপ করে দেখছে এই ঘটনা। সরব হন দয়া করে এবং ফাঁসিতে ঝোলান এই অপরাধীদের।” শুধু তাই নয় ক্যাপশনে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এটি হযরত মহাম্মদের শিক্ষা নয় এবং ধর্মের নামে হত্যা করা বন্ধ হোক।
যদিও ‘এ বাংলার মুখ’ আগে স্পষ্ট করেছে নিজের অবস্থান এই ব্যাপারে এবং এবারও পরিষ্কার করে দিচ্ছে যে আমরা ধর্মের মতো স্পর্শকাতর বিষয়গুলির মধ্যে নাক গলাবো না। আমাদের মূল লক্ষ্য মানুষের মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। আমরা বিভাজনে বিশ্বাসী নই। বাংলার মাটি রবীন্দ্রনাথ-নজরুলের মাটি এবং আমরা সেই হিন্দু-মুসলিম ভাইচারায় বিশ্বাসী। সুতরাং গোটা বিষয়টির সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।

