শুভশ্রী হুমকি: বিহার থেকে গ্রেপ্তার অভিযুক্ত

শুভশ্রী হুমকি: বিহার থেকে গ্রেপ্তার অভিযুক্ত

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: লিওনেল মেসি ও যুবভারতী কান্ডের রেশ এখনো যে পুরোপুরি কাটেনি, তা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে চোখ রাখলেই ভালো করে বোঝা যায়। এখনো গোটা বিষয়টি নিয়ে জোর আলোচনা চলে এবং অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা। যদিও তাতে আমরা যাচ্ছি না, কারণ সেটি আমাদের চ্যানেলের দেখার বিষয় নয় বলে। তবে এখনো অনেকেই ভুলে উঠতে পারেননি দর্শকদের উগরে দেওয়া ক্ষোভ। যেভাবে সেখানে তান্ডব চালানো হয়েছে, তা আজও লেগে রয়েছে সকলের চোখে। 

যদিও এই পর্বে নাম জড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী, তথা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, শুভশ্রী গাঙ্গুলীর। সমাজমাধ্যমে সকলেই তাঁর নিন্দা করেছিল মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। যদিও টলি অভিনেত্রী একটি ভিডিওবার্তায় গোটা বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যারা তাঁকে ও তাঁর দুই সন্তানকে হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই ভিডিওর কমেন্টবক্সেও অনেকে অনেকরকম কথা বলেছিলেন এবং সমালোচনা করেছিলেন অভিনেত্রীর।

অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছিল গোটা বিষয়টি নিয়ে। এবার তাতে পদক্ষেপ নিল পুলিশ। শনিবার বিহার থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তবকে। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় এবং এরপর তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের তরফ থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জেরা করা হচ্ছে দফায় দফায় এবং দেখা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা।

গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, “শুধু আমার স্ত্রীকেই নয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ পার্থ ভৌমিককে নিয়েও বিট্টু শ্রীবাস্তব সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছে। কোনওভাবেই মেনে নেওয়া যায় না মহিলাদের এভাবে অসম্মান করা। এর শেষ আমি দেখে ছাড়বো।” যদিও রাজ মনে করছেন যে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে। তিনি বলেছেন, “কোন ইন্ধন নিশ্চয়ই আছে এর পেছনে। যদি বিজেপি ওর পাশে দাঁড়ায়, তাহলে বলবো মহিলাদের সম্মান করতে জানেনা বিজেপি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *