দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের শিরোনামে বাংলা ছবির বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী। কিছুদিন আগে যুবভারতীকাণ্ডে স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে হুমকি দেওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবং দায়ের করেছিলেন অভিযোগ। তবে এবার তিনি জড়ালেন বিতর্কে। কী সেই বিতর্ক? আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পতি চলেছে তাঁর ছবি ‘হোক কলরব’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির টিজারে অভিনেতাকে একটি সংলাপ বলতে শোনা গিয়েছে এবং তা ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক।
‘হোক কলরব’ ছবিতে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। টিজারে অভিনেতাকে এমন চরিত্রে দেখে সিনেমাপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে। তার উপর তাঁর অভিনয়ের তুলনা হয় না। বলা ভালো, বর্তমানে তিনি ‘এ লিস্টার’ অভিনেতাদের মধ্যে একজন। তবে বিতর্ক শুরু হয় একটি ডায়লগ নিয়ে। পুলিশের পোশাক গায়ে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন নেটিজেনরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট পর্যন্ত করেন।
যদিও নিজের অবস্থান এই ব্যাপারে জানিয়েছেন রাজ চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়। রাজ বলেছেন, “ছবির মূল চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। একজন পুলিশ অফিসার। ছবিতে কোন পরিস্থিতিতে এমন সংলাপ বলা হয়েছে, তা না দেখলে বোঝা সম্ভব নয়। দর্শকরা আগে দেখুক। দরকার হলে তা ছেঁটে ফেলা হবে। আর মনীষীদের সম্মান করতে জানে বাঙালিরা।”
এরপরই রাজ চক্রবর্তী একহাত নেন বিজেপিকে। পরিচালকের বক্তব্য, “এটা নিয়ে প্রোপাগান্ডা শুরু করেছে বিজেপি, বিশেষ করে আইটি সেল। এরা ক্ষুদিরাম বসুকে মিলিয়ে দিয়েছে ক্ষুদিরাম চাকীর সঙ্গে। ক্ষুদিরাম বসু এক মহান ব্যক্তি। তাঁর সঙ্গে ক্ষুদিরাম চাকীর তুলনা হয় না। যেমন নরেন্দ্রনাথ দত্তর সঙ্গে মেলানো যায় না নরেন্দ্র মোদিকে, তেমনি ক্ষুদিরাম চাকী ও ক্ষুদিরাম বসুকে মিলিয়ে দিলে চলবে না। বিজেপি আইটি সেলই এমন উস্কানিমূলক কাজ করছে। টিজার দেখে তো পুরোটা বোঝা সম্ভব নয়। কোন মহান ব্যক্তিত্বকে এখানে অপমান করা হয়নি। তা বাঙালিরা জ্ঞানত করবে না।”
অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায় সমস্ত ক্ষোভ বা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি নিজের অবস্থানে পরিষ্কার করে দিয়েছেন যে এগুলি নিয়ে তিনি মাথা ঘামান না। অভিনেতা বলেন, “যারা ছবি পুরো না দেখে মন্তব্য করেন, আমার তাঁদের নিয়ে ভাববার সময় নেই।”

