সিডনি টেস্ট না জিতলে চাপে পড়তে পারে ম্যাকালাম-স্টোক্স, মত ভনের

সিডনি টেস্ট না জিতলে চাপে পড়তে পারে ম্যাকালাম-স্টোক্স, মত ভনের

নিউজ ডেস্ক: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছিল ব্যাজবল। কিছুক্ষেত্রে তা কাজে এলেও বহুক্ষেত্রে তা কাজে লাগেনি। সম্প্রতি, অ্যাশেজ সিরিজে লজ্জাজনক পরাজয় স্বীকার হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১১ দিনে সিরিজ নিজেদের ঝুলিতে তুলেছে অস্ট্রেলিয়া। যদিও চতুর্থ টেস্টে একেবারে ম্যাজিক করে দেখিয়েছে ইংল্যান্ড। তবে তাতেও ব্যাজবল ক্রিকেটের ব্যর্থতা ঢাকা পড়েনি। সমালোচনা অব্যাহত রয়েছে ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে।

এমন পরিস্থিতিতে ডেডলাইন বেঁধে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তাঁর মতে, দুজনের কাছে সিরিজের অন্তিম টেস্টই শেষ সুযোগ এবং তাতে যদি নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয় দুজনে, তাহলে যেকোনো একজনকে হয়তো দায়িত্ব ছাড়তে হতে পারে। অর্থাৎ, তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন যে এই সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট হয়তো অন্য পথে হাঁটতে পারে। তিনি বুঝিয়ে দেন যে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজনের জন্য। একেবারে ‘ডু অর ডাই’ পরিস্থিতির মতো।

মাইকেল ভন বলেন, “আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে সিডনির ম্যাচটা। যেকোনো ম্যাচে জয় পাওয়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় মেলবোর্নে যে জয়টা পেয়েছে, তা লটারি ছাড়া আর কিছুই নয়। একটা নিখুঁত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে হবে যদি এই ম্যানেজমেন্টকে টিকে থাকতে হয়।” 

এরপরই দুজনের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন ভন। প্রাক্তন ইংরেজি তারকা বলেন, “চলতি সপ্তাহে অসাধারন ক্রিকেট খেলতে হবে যদি বাজ-বেনকে নিজের জায়গা ধরে রাখতে হয়। আমি জানি সকলের মধ্যেই একটা চেষ্টা আছে বাজকে ধরে রাখার। কিন্তু যদি ভালো কিছু দুজনে না করতে পারে সিডনিতে, তাহলে আলোচনা শুরু হবে তাদের ভবিষ্যৎ নিয়ে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে অসাধারণ কিছু করে দেখাতে পারে কিনা। কোনদিকে যাচ্ছে দুজনের ভবিষ্যৎ? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *