দেবজিৎ মুখার্জি: ড্যারিল মিচেলের দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল কিউইরা। যদিও অপর প্রান্ত থেকে দুর্দান্ত সাথ দিয়েছেন উইল ইয়াং। এক কথায় বলতে গেলে, দ্বিতীয় ম্যাচে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৮৪। শতরান করেন কেএল রাহুল। এছাড়া অর্ধশতরান করেন অধিনায়ক শুভমান গিল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া একটি করে উইকেট পান জ্যামিসন, ফোক্স, লেনক্স ও অধিনায়ক ব্রেসওয়েল।
জবাবে রান তাড়া করতে নেমে ৪৮ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। শতরান করেন দলের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৩১। এছাড়া ৮৭ রানের এক অসাধারণ ইনিংস আসে উইল ইয়াংয়ের ব্যাট থেকেও। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রানা, প্রসিদ্ধ ও কুলদীপ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেলকে।
