দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের মাঝে আরো একবার ক্রিকেটার কিনলো মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। স্পিনার গুর্জনপ্রীত সিং চোট পাওয়ায় দলে এলো নতুন খেলোয়াড়। কে সেই ক্রিকেটার? হলুদ শিবিরে জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ‘বেবি এবি’, ওরফে ডেওয়াল্ড ব্রেভিস। ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফ থেকে ঘোষণাটি করা হয়েছে। তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে।
এই মুহূর্তে জোরকদমে চলছে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। ইতিমধ্যেই খেলা হয়ে গেছে বেশ কয়েকটি ম্যাচ এবং সকল দলই খুলে ফেলেছে নিজেদের খাতা। যদিও ক্রিকেটপ্রেমীদের কাছে এবারের বিশেষ আকর্ষণ আরসিবি, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলির পয়েন্ট তালিকার উপরে থাকা। কিন্তু অন্যদিকে হতাশ করেছে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের মতো শক্তিশালী ও আইপিএল জয়ী দলগুলির পারফরম্যান্স। বিশেষ করে যেভাবে লাগাতার ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে সিএসকেকে, তা দেখে শুধু সিএসকে সমর্থকরা নন, সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই হতাশ ও অবাক হয়েছেন।
যদিও এর মাঝে বড় ধাক্কা খায় সিএসকে দলের তরুণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার চোটের শিকার হওয়ার পর। তাঁর পরিবর্তে এই মুহূর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঋতুরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আয়ুষ মাত্রে। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই দলের আরো একজন ক্রিকেটার চোটের কবলে পড়েন। তিনি স্পিনার গুর্জনপ্রীত সিং। এবার তাঁর পরিবর্তে দলে আসেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। ২.২ কোটি টাকায় তাঁকে নেওয়া হয়েছে দলে।
এই ব্যাপারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেলে নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে। তাতে লেখা, “গুর্জনপ্রীত সিং আহত হওয়া তাঁর পরিবর্তে চেন্নাই দলে এসেছেন ডেওয়াল্ড ব্রেভিস।” যদিও ব্রেভিস মাহির দলে আসার ইঙ্গিত আগেই দিয়ে দিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম থেকে তিনি একটি হলুদ রঙের ছবি পোস্ট করেছিলেন। এরপরই অনেকে মনে করতে শুরু করেছিলেন যে সিএসকেতে তাঁর এন্ট্রি হতে পারে। ঠিক তার কিছুক্ষণ পরই সেটা হয় এবং শুরু হয় অভিনন্দনের বন্যা। চেন্নাই সমর্থকরা মনে করছেন যে ব্রেভিস আসায় দলের ব্যাটিং অর্ডার আগের চেয়ে শক্তিশালী হবে। যদিও শেষ পর্যন্ত তিনি কি করেন সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, এর আগে তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। যদিও সেখানে ব্যাট হাতে তিনি তেমন দাগ কাটতে সফল হননি।

