আরআরের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ফ্রাঞ্চাইজির

আরআরের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ফ্রাঞ্চাইজির

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা রিয়ান পারাগ নেতৃত্বাধীন রাজস্থান রয়েলসের। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট তালিকার নিচের দিকে। পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা ক্রমশ কঠিন হয়ে উঠছে তাদের। ব্যাটিং হোক কি বোলিং, কোন বিভাগই ঠিকঠাক পারফর্ম করতে সফল হয়নি। এখানেই শেষ নয়, বহুবার জয়ের দোরগোড়ায় এসেও হেরেছে তারা, যা হতাশ করিয়েছে দলের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলকেই। বলা যায়, বর্তমানে রাহুল দ্রাবিড়ের ছাত্ররা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে।

এরই মধ্যে আসে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তারা নাকি যুক্ত গড়াপেটায়। এই অভিযোগ জানাজানি হতে হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। চারিদিক থেকে উঠতে শুরু করে নানা প্রশ্ন। দলের ভক্তরাও বেশ হতাশ হন এই খবর পেয়ে। যদিও রাজস্থান রয়েলসের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এমন অপরাধের সঙ্গে দল কোনভাবেই যুক্ত নয়। তবুও দিনের শেষে এটি হয়ে দাঁড়িয়েছে এখন একটি বড় আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে এই সংক্রান্ত একাধিক পোস্ট দেখা গেছে। 

ঘটনার সূত্রপাত লক্ষনৌ সুপার যায়েন্টসের বিরুদ্ধে ম্যাচ থেকে। একটা সময় যা অবস্থা ছিল তাতে মনে করা হচ্ছিল যে সহজেই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হবে রাজস্থান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ডেথ ওভারে অসাধারণ বোলিং করেন আবেশ খান এবং একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি তোলেন তিনটি উইকেট এবং দলকে ম্যাচ জিতিয়ে হন ম্যাচের সেরা। এরপরই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর জয়দীপ বিহানি সহজ জয় হারে পরিণত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানানো হয় দলের তরফ থেকে। তাদের বক্তব্য এটি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এবং ভিত্তিহীন। এখানেই শেষ নয়, তারা আরো জানায় যে এমন মিথ্যা অভিযোগের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই বক্তব্য রেখে ফ্রাঞ্চাইজির তরফ থেকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে চিঠি দেওয়া হয়। এই অভিযোগ প্রসঙ্গে দলের উচ্চকর্তা দীপ রায় বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে অ্যাড হক কমিটির কনভেনারের তরফ থেকে, তা নস্যাৎ করছি। পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। এমন মন্তব্যের জেরে দলের ভাবমূর্তি নষ্ট তো হচ্ছেই, পাশাপাশি বিশ্বাসযোগ্যতাও নষ্ট হচ্ছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *