দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের চলতি হিন্দু নির্যাতন ও হত্যা নিয়ে ফের শাহরুখ খানকে আক্রমণ এক বিজেপি নেতার। বুধবার উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং ক্ষোভ উগড়ে দিয়ে দাবি করেন যে সালমান খান দেশদ্রোহী এবং তাঁকে ঝোলানো উচিত ফাঁসিতে। কিন্তু বৃহস্পতিবার সম্পূর্ণ উল্টো কথা বললেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত দেশদ্রোহী কিং খানই।
কেন পাল্টালো তাঁর এই মন্তব্য? তিনি বলেন, “সালমান খান কিন্তু অসাধারণ অভিনেতা। আসলে আমি ওর নাম বলতে চাইনি। শাহরুখের কথা বলতে গিয়েছিলাম। যখনই সমস্যায় পড়ে পাকিস্তান, তখন শাহরুখ অজস্র টাকা দেয়। আর প্রতিবাদে সোচ্চার হয় ভারতের গণপিটুনি নিয়ে। কিন্তু বাংলাদেশে আজ যখন পরপর হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন কোনও কথা নেই শাহরুখের মুখে। শাহরুখ খানই আসল দেশদ্রোহী। সালমান নয়। কোনও সন্দেহ নেই এটাতে।”
যদিও বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে রীতিমতো হাসির রোল বিরোধী শিবিরে। একাংশের মতে, সালমান খানকে ‘গুড বুকে’ রাখার নির্দেশ এসেছে যেহেতু তিনি শোরগোল ফেলেছেন চিনে ‘ব্যাটেল অফ গালওয়ান’এর টিজারে বিকুমল্লা সন্তোষের ভূমিকায়।

