শাহরুখের ‘চাক দে ইন্ডিয়া’র ডায়লগের সঙ্গে তুলনা, কী বললেন অমল?

শাহরুখের ‘চাক দে ইন্ডিয়া’র ডায়লগের সঙ্গে তুলনা, কী বললেন অমল?

দেবজিৎ মুখার্জি: গত রবিবার ইতিহাস গড়েছিল দেশের মহিলা ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল তারা এবং এর সঙ্গে মুখে হাসি ফুটিয়েছিল দেশের ১৩০ কোটি মানুষের মুখে। সেই খুশির রেশ এখনও কাটেনি দেশবাসীর মন থেকে। এরই মাঝে একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে দলের কোচ অমল মজুমদার দলের মেয়েদের পরামর্শ দিচ্ছেন আগামী সাত ঘন্টা চারিদিকের নয়েজ থেকে নিজেদের দূরে রাখার এবং খেলার উপর ফোকাস করার। তা সকলকে মনে করিয়ে দেয় ‘চাক দে ইন্ডিয়া’ ছবির শাহরুখ খানের কবীর খান চরিত্রের কথা। হকি দলের মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “৭০ মিনিট আছে তোমাদের কাছে।”

এবার এই বিষয়টি নিয়ে নিজের মুখ খুললেন অমল মজুমদার। তাঁর সাফ কথা, তাঁর কোনও সিনেমার কথা মনে পড়েনি বিশ্বকাপ ফাইনালের সময়। তিনি বলেন, “একেবারেই নাটুকে নই আমি। তাই বহুদূরে থাকি সিনেমার সংলাপ থেকে।” শাহরুখ খানের থেকে যে তাঁর পেপটক ধার করা নয়, তাও পরিষ্কার করে দেন তিনি। তাঁর বক্তব্য, “আমি একেবারে সৎভাবে কথা বলি এবং হৃদয় থেকে বলি। কোথা থেকে এই সিনেমার তুলনা আসছে, তা আমার জানা নেই। তবে আমি শাহরুখের সংলাপ পরে ফোনে দেখেছি। কিন্তু মন থেকে বলেছি তখন। অন্যান্য ম্যাচের আগে সাধারণত পেপটক আমি আগে থেকে ভেবে রাখি। কিন্তু আলাদা করে কিছু ভাবিনি ফাইনালে আগে।”

উল্লেখ্য, ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ৭ উইকেটে ২৯৮। সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি বর্মা। এছাড়া দীপ্তি শর্মা করেন ৫৮। জবাবে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার সবকটি উইকেট পড়ে যায় ২৪৬ রানে। শতরান করেন দলের অধিনায়ক লড়া উলভার্ডট। ভারতের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট নিজে ঝুলিতে তোলেন দীপ্তি শর্মা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শেফালি বর্মাকে এবং টুর্নামেন্টের সেরা হন দীপ্তি শর্মা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *