বাঙালি হেনস্থা ইস্যুর আঁচ ফুটবলের ময়দানে

বাঙালি হেনস্থা ইস্যুর আঁচ ফুটবলের ময়দানে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বাংলার প্রতিটি প্রান্তে, প্রতিটি পাড়ায় বা প্রতিটি আড্ডায় একটাই আলোচনার বিষয় আর সেটা হল বিজেপি শাসিত রাজ্যগুলিতে, ওরফে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলিতে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলায় হেনস্তা ও নির্যাতন। প্রতিনিয়ত, যা সব ঘটনা উঠে আসছে, তাতে ক্ষোভ উগ্রে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। বর্তমানে দলের তরফ থেকে, প্রতিবাদ জানাতে, নামা হয়েছে ভাষা আন্দোলনে।

তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, গেরুয়া শিবিরের অধীনে থাকা রাজ্যগুলিতে এই অত্যাচারের তীব্র নিন্দা করেছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও। এবার সেই আঁচ পড়লো খেলার মাঠেও। সল্টলেকে স্টেডিয়ামে চলতি ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম নামধারী ম্যাচে গ্যালারিতে দেখা গেল একটি বিশাল ব্যানার, যাতে লেখা, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে ‘বাংলাদেশি’?’

এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমগুলিতে। চোখের নিমিষে হয়ে যায় ভাইরাল। অনেকে তার নিজেদের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ারও করেন। কেউ এর পক্ষে কথা বলেছেন, তো কেউ আবার বিপক্ষে। তবে দিনের শেষে ফুটবলের মাঠে এমন একটা জিনিস দেখে, একটু হলেও, অবাক হয়েছেন অনেকে। বলা ভালো, অনেকে হয়তো আশাও করেননি যে খেলার মাঠে এই ইস্যুর প্রভাব পড়বে। উল্লেখ্য, এদিন নামধারীর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ১-০ ফলাফলে জেতে এবং পরবর্তী অধ্যায় টিকিট পাকা করে নেয়। গোল হাকান অভিষেক ঘটানো মরোক্কান ফুটবলার হামিদ আহদাদ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *