“ফাইনালের দিনটা হবে বিরাটের” বড় ভবিষ্যদ্বাণী এবিডির

“ফাইনালের দিনটা হবে বিরাটের” বড় ভবিষ্যদ্বাণী এবিডির

দেবজিৎ মুখার্জি: “ফাইনালের দিনটা হবে বিরাটের” চলতি আইপিএলের ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন আরসিবি তারকা এবিডি, ওরফে এবি ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা দাবি করেন যে কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে বিরাটের। এখানেই শেষ নয়, ডিভিলিয়ার্স আরো দাবি করেন যে বিরাট পাঞ্জাবের বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে তিনি দুর্দান্ত পারফর্ম করবেন। সবমিলিয়ে, প্রাক্তন আরসিবি তারকা আশাবাদী যে কিং কোহলিকে তাঁর চেনা ছন্দে দেখা যাবে ফাইনালে।

চলতি আইপিএলে ব্যাট হাতে এখনো পর্যন্ত বেশ ভালই পারফর্ম করেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক, তথা ভারতীয় দলের তারকা ক্রিকেটার, বিরাট কোহলি। বিশেষ করে রান তাড়া করার সময় তাঁর ব্যাটিং ছিল দেখার মতো। বলতে গেলে, এই মুহূর্তে তিনি দলের এক স্তম্ভ। দলের সমর্থক থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরা, সকলেই আশা করছেন যে ফাইনালে বিরাটের ব্যাট থেকে রানের বন্যা বইবে। সেই পুরোনো আগ্রাসী বিরাটকেই দেখা যাবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। 

একই জিনিস মনে করছেন বিরাটের প্রাক্তন সতীর্থ, তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার, এবি ডিভিলিয়ার্স। তাঁর মতে ফাইনালে জ্বলে উঠবেন বিরাট। তিনি বলেন, “ওর কাজ এখনো শেষ হয়নি। তবে আমার বিশ্বাস ফাইনালের দিনটা ওরই হবে। পাঞ্জাবের বিরুদ্ধে ও যখন মাঠে নামছিল, সেটা তখন স্ক্রিনে দেখছিলাম। ওকে দেখে মনে হয়েছে যে ও লক্ষ্য ঠিক করেই নেমেছে। ঠিক যেমন যেই বিরাটকে চিনি আমরা। ও হয়তো রান পায়নি এই ম্যাচে। তবে শেষ অবধি সকলের সঙ্গে সেলিব্রেট করে গেছে। সেটা ভুললে চলবেনা। ও একজন দুর্দান্ত টিম ম্যান।”

এছাড়া আরসিবির জয়ের সম্ভাবনা প্রসঙ্গেও নিজের বক্তব্য রাখেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “২০১১ সালে ভালো সুযোগ ছিল জেতার। আলোচনা হয় ২০১৬ সালেরটা নিয়েও। তবে সেগুলো অতীত এবং আলোচনা করে কোন লাভ নেই। এবার ওরা সবচেয়ে কাছে রয়েছে খেতাবের। আশা করছি এবার ভাগ্য আরসিবির পক্ষে থাকবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নিজেদের প্রথম খেতাব জিততে সফল হয় কিনা রজত পতিদার নেতৃত্বাধীন আরসিবি। কি হবে ফাইনালে? কারা করবে পারফর্ম? শেষ হাসি হাসবে কে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে জুন মাসের ৩ তারিখে। সেদিনই পরিষ্কার হয়ে যাবে সবকিছু।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *