নিউজ ডেস্ক: আর মাস তিনেক বাদে শ্রীলংকা ও ভারতের মাটিতে হবে ২০ ওভারের বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়ে আত্মবিশ্বাস একেবারে চরম এবং পৌঁছে গিয়েছে। সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। বলা ভালো, এই মুহূর্তে যেই অবস্থা দলের, তাতে অনেকে মনে করছেন যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও নিজেদের নামে করতে সফল হবে মেন ইন ব্লু। তবে দলের হেড কোচ গৌতম গম্ভীর মনে করছেন যে আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের জন্য এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দল।
সম্প্রতি, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে ছিল দলের হেড স্যার, তথা প্রাক্তন ভারতীয় তারকা, গৌতম গম্ভীরের সঙ্গে সাক্ষাৎকারের টিজার। ৪৬ সেকেন্ডের সেই ক্লিপে প্রাক্তন ভারতীয় তারকাকে বলতে শোনা গিয়েছে, “স্বচ্ছতা রয়েছে আমাদের ড্রেসিংরুমে। সেটাই তো হওয়া উচিত। তবে এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।”
গৌতি আরো বলেন, “হাতে এখনো সময় রয়েছে তিন মাস। আশা করি ফিট থাকার গুরুত্ব বুঝতে পারবে ছেলেরা। এটাই আদর্শ সময় নিজের সেরাটা দিয়ে পরিকল্পনার সঙ্গে মানিয়ে নেওয়ার।” যদিও ‘মেন ইন ব্লু’র হেড স্যার মনে করেন যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলে দলের ক্রিকেটারদের থেকে বেরিয়ে আসবে সেরাটা। তিনি বলেন, “ওদের ঠেলে দিতে দাও গভীর সমুদ্রে। শুভমানকে টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে এই যুক্তিতেই।” বলে রাখা ভালো, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া। দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ফাইনালে এক হাড্ডাহাড্ডি ম্যাচ হয় দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবং সেখানে জয় পায় ভারত।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একাধিক পরীক্ষানিরীক্ষা করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে, যা অনেকে সমর্থন করলেও আবার অনেকে করেননি। বহু প্রাক্তনী সিদ্ধান্তকে সঠিক মনে করছেন। আবার একাংশের মতে আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের আগে আর এক্সপেরিমেন্ট করা উচিত নয় দলের। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে এখন থেকে এমন একটি দলকে খেলানো উচিত যা সম্ভাব্য একাদশ হবে।
