নিউজ ডেস্ক: এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয় হবে সম্প্রতি শেষ হওয়া ওভাল টেস্ট। যেভাবে পরাজয়ের মুখ থেকে জয় পেয়েছে ভারত, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। শুধু তাই নয়, যেভাবে রোহিত-বিরাট হীন একটি দল দাপটের সঙ্গে পারফরম্যান্স দিয়েছে ইংল্যান্ডের মাটিতে, তার প্রশংসা করেছেন সকলে। বিস্তারিতভাবে বলতে গেলে, ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ ব্রিগেডকে নিয়ে টেস্ট ক্রিকেটে আশার আলো দেখতে পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
এর মাঝে দলের হেড কোচ গৌতম গম্ভীর সাজঘরে বেঁছে নিলেন ইমপ্যাক্ট প্লেয়ার। গিল, রাহুল বা পান্থ নন, এই পুরস্কার পেয়েছেন দলের তরুণ তারকা স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তার আগে গৌতি দলের সকল ক্রিকেটারের উদ্দেশ্যে বার্তা দেন। অভিনন্দন জানানোর পাশাপাশি এটাও পরিষ্কার করে দেন যে দিনদিন উন্নতি হচ্ছে দলের এবং তা ধরে রাখা গেলে আগামী দিনে দল দাপট দেখাবে।
গম্ভীর বলেন, “অনেকে আসবে ও যাবে। কিন্তু সাজঘরের যে সংস্কৃতি বা মানসিকতা, এটা আমাদের ধরে রাখতে হবে। আমরা তেমনি একটা আবহাওয়া তৈরি করব যাতে সকলে অংশ হতে চায় এই সংস্কৃতির। শুভকামনা সকলের জন্য। নিজের মতো করে সকলে সময়টা কাটাও।” তারপরেই তিনি রবীন্দ্র জাদেজাকে মাঝখানে ডাকেন। এরপর জাদেজা মাঝখানে ডাকেন ওয়াশিংটন সুন্দরকে এবং ইম্প্যাক্ট প্লেয়ারের পদক পড়িয়ে দেন। এবার দেখার বিষয় যে আগামী টেস্ট সিরিজগুলিতে কেমন পারফর্ম করে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, এটাও দেখার যে আগামী দিনে এই দাপট ধরে রাখতে পারেন কিনা দলের ক্রিকেটাররা। কি করবে দল, তা বলবে সময়।

