নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বড় আলোচনার বিষয় লর্ডসে আয়োজিত হতে চলা ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। বার্মিংহাম টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার তাদের লক্ষ্য থাকবে লর্ডসের মাঠে জিতে প্রতিযোগিতায় ব্যবধান বাড়ানোর। সেই কথা মাথায় রেখে দলের সকল ক্রিকেটারই জোরদার প্রস্তুতি নিচ্ছেন। দিনরাত এক করে সকলেই নেটে অনুশীলন করছেন। কোনরকম সমস্যা যাতে খেলার সময় না হয়, তার জন্য নিজেদের সবদিক থেকে তৈরি করছেন তাঁরা।
অন্যদিকে বার্মিংহামে পরাজয়ের মুখ দেখার পর ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে মরিয়া। টিম ইন্ডিয়ার মতো তারাও নেটে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন নিজেদের নিখুঁত করে তুলতে। পাশাপাশি, টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেখানকার পিচের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লেইং একাদশে জায়গা দেওয়া হয়েছে তারকা পেসার জোফরা আর্চারকে। মনে করা হচ্ছে তিনি ফিরলে দলে বোলিং বিভাগ শক্তিশালী হওয়ার পাশাপাশি ভারতকে চাপে ফেলা যাবে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আর্চারকে দিয়ে আর্লি ব্রেকথ্রুর ক্ষেত্রে সফল হবে ইংল্যান্ড।
তবে ভারতীয় ক্রিকেট দলও আর্চারের কথা মাথায় রেখে নিজেদের সবদিক দিয়ে তৈরি করছে। তারকা পেসারকে মোকাবিলা করতে দলের ব্যাটিং বিভাগ নেটে খেলছেন দীপক চাহারের বল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে চাহারের হাতে যা সুইং রয়েছে, তা বেশ মারাত্মক। সেই অনুযায়ী যদি অনুশীলন করা হয়, তাহলে লর্ডসের পিচে আর্চারের মোকাবিলা করতে কারোরই খুব একটা সমস্যা হবে না। গিল, রাহুল, পান্থ, সকলেই মন দিয়ে অনুশীলন করছেন। এবার দেখার বিষয় তৃতীয় টেস্টে ম্যাচ নিজেদের নামে করতে পারে কিনা ভারত।
