দেবজিৎ মুখার্জি: “বাবার একটু খারাপ লেগেছিল” টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত কেমন লেগেছিল রোহিত শর্মার বাবার, এবার সেই বিষয়ে জানালেন খোদ হিটম্যান। প্রাক্তন টেস্ট তারকার বক্তব্য, তাঁর বাবা এই খবর জানার পর প্রথমে একটু খারাপ লেগেছিল ঠিকই, তবে একই সঙ্গে তিনি খুশিও হয়েছিলেন। পাশাপাশি, রোহিত এটাও জানান যে আজ তিনি যেই জায়গায় এসে পৌঁছেছেন, তার পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বাবার।
আইপিএল চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই খবর জানাজানি হতেই মন ভেঙ্গে যায় তাঁর ভক্ত সহ দেশের ক্রিকেটপ্রেমীদের। অনেকেই দাবি করেছিলেন যে এত তাড়াতাড়ি রোহিতের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। পাশাপাশি, অনেকে এমন দাবিও করেছিলেন যে রোহিত নিজের ইচ্ছে থেকে অবসর নিতে চাননি, বরং তাঁকে বাধ্য করা হয়েছে লাল-বল ক্রিকেট থেকে সরে দাঁড়াতে। বহু প্রাক্তন তারকাও রোহিতের অবসর নেওয়ার সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন।
রোহিতের অবসরের সিদ্ধান্ত জানতে পারার পর ঠিক কি প্রতিক্রিয়া হয়েছিল তাঁর পিতার, এবার সেই প্রসঙ্গেই বক্তব্য রাখেন হিটম্যান মুম্বাইয়ে চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পূজারার বই ‘দা ডায়েরি অফ ক্রিকেটার্স ওয়াইফ’এর লঞ্চে। তিনি জানান যে এই খবর পেয়ে তাঁর পিতা প্রথমে একটু হতাশ হয়েছিলেন ঠিকই, তবে খুশিও হয়েছিলেন। পাশাপাশি, তিনি এটাও স্বীকার করেন যে রোহিতকে এই দিনটি পাইয়ে দিতে তাঁর পিতার বড় ভূমিকা ছিল।
রোহিত শর্মা বলেন, “আমার বাবা আমাকে অনেক টেস্ট ক্রিকেট খেলতে দেখেছে। তাই উনি এই ফরম্যাটটা পছন্দ করেন। যখন আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিই, তখন ওনার প্রথমে একটু খারাপ লেগেছিল ঠিকই। তবে খুশিও হয়েছিলেন একসাথে। আজ আমি এই দিনটা দেখতে পেয়েছি, তাঁর জন্য ওনার অবদান চরম। ওনার সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না।” প্রাক্তন টেস্ট তারকার এই বক্তব্যের প্রশংসা করেন সকলে।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অভিষেক ঘটে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ব্যাট হাতে এই ফরম্যাটে তিনি অজস্র দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান ও শতরান। তাঁর ব্যাটের উপর ভর করে বহু ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়েছিল টিম ইন্ডিয়া। তিনি তাঁর শেষ টেস্ট খেলেন গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
