গিলকে নিয়ে সুর পাল্টালেন নাসির

গিলকে নিয়ে সুর পাল্টালেন নাসির

নিউজ ডেস্ক: বার্মিংহ্যাম টেস্টে জয়ের পর এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। বলা ভালো, এখন তিনি সকলের নয়নের মনি। শুধু ব্যাটিংয়ের জন্যই নয়, যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন গোটা ম্যাচে, তার প্রশংসা করেছেন সকলে। এবার সেই তালিকায় জুড়লো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেনের নাম, যিনি কিনা লিডস টেস্টে ভারতের পরাজয়ের পর গিলকে কটাক্ষ করেছিলেন।

নাসির হোসেন বলেন, “প্রথম টেস্টে বোঝাই যাচ্ছিল না যে ও দলকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এবার সেটা বোঝা গিয়েছে। ওকে বেশ ঠান্ডা ও চাপহীন দেখাচ্ছিল। এমন একটা কাজ করেছে গিল যা সকলে করে দেখাতে পারেন না। আকাশ দীপ এক প্রান্ত থেকে অসাধারণ বোলিং করেছে। মনে হচ্ছিল ও সেখান থেকেই বোলিং চালিয়ে যাবে। কিন্তু ওর এন্ড পরিবর্তন করেন গিল এবং তা কাজেও লাগে। তাছাড়া যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হলো রান করা, যার দায়িত্ব ও নিজেই নিয়ে নিয়েছিল।”

প্রসঙ্গত, দুই ইনিংস মিলিয়ে শুভমান গিলের মোট সংগ্রহ ৪৩০। প্রথম ইনিংসে তিনি করেন ৩৮৭ বলে ২৬৯। দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে তিনি করেন ১৬১ রান। ম্যাচটি ৩৩৬ রানে টিম ইন্ডিয়া নিজেদের ঝুলিতে তোলে। এই হাই স্কোরিং ম্যাচ দেখে মুগ্ধ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই। এবার দেখার বিষয় যে তৃতীয় টেস্টেও একই পারফরম্যান্স দেখাতে পারেন কিনা দলের ক্রিকেটাররা। কি হয় এবার, সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *