দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কেমন হওয়া উচিত ভারতীয় ক্রিকেট দলের টিম কম্বিনেশন? এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। কি বললেন প্রাক্তন ভারতীয় তারকা? তাঁর মতে ওপেন করতে নামা উচিত ডানহাতি ও বাঁহাতি জুটির। পাশাপাশি, তিন নম্বরে কাকে ব্যাট করতে পাঠানো উচিত, সেই ব্যাপারেও নিজের মতামত জানান শাস্ত্রী। তিনি এটাও জানান যে তিনি চান তিন পেসার নিয়ে খেলতে নামুক ভারত।
আর দুদিন পরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। শেষ মুহূর্ত অবধি নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। ঘন্টা পর ঘন্টা নেটে প্র্যাকটিস করে যাচ্ছেন সকলে। ইংল্যান্ডের চেয়েও এই সিরিজ বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে। প্রথম কারণ বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকায় শুভমান গিলের উপর নেতৃত্বের দায়িত্ব পড়েছে এবং তাঁর কাছে একটি বড় সুযোগ জিতে নিজেকে যোগ্য প্রমাণ করার। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ, গত দুটি টেস্ট সিরিজে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে দলকে। সুতরাং এবার তাদের ঘুরে দাঁড়াতে হবে।
এমন পরিস্থিতিতে টিম কম্বিনেশন নিয়ে উঠছে প্রশ্ন। এবার এই ব্যাপারেই নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ, তথা প্রাক্তন ক্রিকেটার, রবি শাস্ত্রী। আইসিসিকে এক সাক্ষাৎকারে তিনি নিজের এই মতামত জানান। প্রাক্তন ভারতীয় তারকার মতে, “রাইট হ্যান্ড ও লেফট হ্যান্ড ব্যাটারের ব্যাটিং করতে নামা উচিত। সেক্ষেত্রে যশস্বী জয়েসওয়াল ও কেএল রাহুল সঠিক জুটি হবে। অভিজ্ঞতা কাজে লাগবে রাহুলের এবং ও ইংল্যান্ড সফরে ওপেন করে শতরানও করেছিল।”
তিনি আরো বলেন, “তিন নম্বরে ব্যাট করতে নামা উচিত সাই সুদর্শনের। চার নম্বরে নামা উচিত গিলের। এরপর আসা উচিত করুন নায়ারের। ছয় ও সাত নম্বরে নামা উচিত ঋষভ পান্থ ও রবীন্দ্র জাদেজার। আমি চাই ভারত তিন পেসার নিয়ে খেলুক। দলে থাকুক মহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহও। সঙ্গে থাকতে পারেন শার্দুল ঠাকুরও।” যদিও বোলিং বিভাগ নিয়ে একটু হলেও দোনোমোনো রয়েছে শাস্ত্রীর। এবার দেখার বিষয় গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পায় কিনা তাদের মাঠে। কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

