টেস্টে ভারতের দুরবস্থার জন্য গম্ভীরকে দায়ী করলেন শাস্ত্রী

টেস্টে ভারতের দুরবস্থার জন্য গম্ভীরকে দায়ী করলেন শাস্ত্রী

দেবজিৎ মুখার্জি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের লজ্জাজনক পরাজয়ের পর জয় দিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এখনো যেন সেই ব্যর্থতা অনেকে মেনে নিতে পারছেন না, যাঁদের মধ্যে অন্যতম দলের প্রাক্তন হেড কোচ, তথা প্রাক্তন ক্রিকেটার, রবি শাস্ত্রী। তিনি দলের বর্তমান হেড স্যার গৌতম গম্ভীরকে, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিককালে, দলের এমন দুরবস্থার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে তাঁর সময় যদি এমনটা ঘটতো, তাহলে এর জন্য দায় তিনি নিজের ঘাড়ে নিতেন।

রবি শাস্ত্রী বলেন, “গুয়াহাটিতে ছিল এক উইকেটে ১০০ রান আর সেখান থেকে ১৩০ রান ৭ উইকেট হারিয়ে। কীভাবে এমনটা হয়?” এরপরই দলের ক্রিকেটারদের প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন হেড স্যার। তাঁর বক্তব্য, “এই দলটা তো এতটা খারাপ নয়। অনেক ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে এই দলে। দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের। ছোটবেলা থেকে তারা বড় হয়েছে স্পিন খেলে।” নিজের বক্তব্যে শাস্ত্রী বুঝিয়ে দেন যে এমন পরাজয় তিনি কখনোই মেনে নিতে পারছেন না।

এরপরই গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শাস্ত্রী। প্রাক্তন হেড স্যার বলেন, “আমি সাফাই দেব না গম্ভীরের হয়ে। এর জন্য ও পুরোপুরি দায়ী।” পাশাপাশি তিনি আরো দাবি করেন, “এটা যদি আমার সময়ে হতো, তাহলে দায়িত্ব নিতাম আমি। আমি সবার আগে গ্রহণ করতাম দায়। কিন্তু তারপরে এসে কাউকে ছেড়ে কথা বলতাম না ড্রেসিংরুমে।”

রবি শাস্ত্রীর আমলে দেশের মাঠে হোক কি বিদেশের মাঠে, টেস্ট ক্রিকেটে রীতিমতো দাপট দেখিয়ে বেড়াত টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের আমলেও একই অবস্থা ছিল। তবে গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে সেই দাপট যেন হঠাৎ উধাও হয়ে গেছে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের মাটিতে মাত্র চারটি টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। তবে গম্ভীরের আমলে গত এক বছরে সেই সংখ্যাটি হয়ে দাঁড়িয়েছে পাঁচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ভারত হেরেছে ঘরের মাঠে। এখনো পর্যন্ত তাঁর কোচিংয়ে ভারত আঠারোটি টেস্টের মধ্যে জিতেছে মাত্র সাতটিতে, যা একটা বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *