দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কিভাবে শুভমান গিল ব্যবহার করবেন দলের তারকা পেস বোলার জাসপ্রিত বুমরাহকে? এবার এই ব্যাপারে সদ্য নির্বাচিত হওয়া ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বললেন তিনি? মহারাজের মতে বুমরাহকে দিয়ে লাগাতার বোলিং করানো যাবে না, বরং বুদ্ধি করে তাঁকে ব্যবহার করতে হবে। বলতে গেলে, তিনি বোঝান যে সঠিক সময়ে বুমরাহকে বোলিং করাতে হবে।
গত বর্ডার-গাভাস্কার ট্রফি থেকেই চোটে ভুগছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জাসপ্রিত বুমরাহ। এতটাই গুরুতর ছিল যে ম্যাচের মাঝপথে তিনি বল করা বন্ধ করেন। এখানেই শেষ নয়, তিনি খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও। এছাড়া আইপিএলেও কয়েকটি ম্যাচে দেখা যায়নি তাঁকে। সবমিলিয়ে, এই মুহূর্তে চোট নিয়ে একেবারে কাহিল অবস্থা পেস তারকার।
তবে দেখতে দেখতে আইপিএল শেষ হয়ে গেছে। এবার ভারতীয় ক্রিকেট দলের সামনে এক বড় সিরিজ। ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে তারা। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ায় বর্তমানে, বলতে গেলে, অভিভাবকহীন হয়ে পড়েছে দল। সমস্ত দায়িত্ব এখন শুভমান গিলের কাঁধে। তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে বোর্ডের তরফ থেকে। সুতরাং তাঁর কাছে এটি একটি বড় পরীক্ষা নিজেকে যোগ্য প্রমাণ করার। তার উপর আরো বড় চাপ বুমরাহের ইনজুরি। কিভাবে তাঁকে গোটা সিরিজে ব্যবহার করবেন, তা নিয়ে বেশ চিন্তায় তিনি।
এবার এই ব্যাপারে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক, তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি গিলকে পরামর্শ দেন বুমরাহকে বুদ্ধি করে ব্যবহার করার। মহারাজ বলেন, “শুভমান তোমাকে বুঝতে হবে যে বুমরাহ যখন তোমার প্রধান অস্ত্র, তখন তুমি ওকে সারাক্ষণ ব্যবহার করতে পারবে না। ওকে তোমায় কাজে লাগাতে হবে উইকেট তোলার জন্য। বার ওভারের বেশি যেন একদিনে ওকে বল না করানো হয়। তাহলেই সুযোগ থাকবে ওর ভালো খেলার।” এবার দেখার বিষয় যে সৌরভের পরামর্শ কাজে লাগান কিনা শুভমান গিল। তিনি কি পারবেন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে জয় পেতে? ভারতীয় ক্রিকেট দল কি গত দুই সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে পারবে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।
