নিউজ ডেস্ক: “রোহিত-বিরাটের শূন্যতা ভরাট করতে পারবে টিম ইন্ডিয়া” ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে এমনটাই দাবি করলেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। প্রাক্তন তারকার মতে, প্রায় ১০ বছর ধরে আইপিএলে তিনি দেখছেন যে তরুণ ক্রিকেটাররা দ্রুত উঠে আসছেন এবং আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্ম করছেন। যদিও পন্টিং এটাও মনে করেন যে দুই তারকার অভিজ্ঞতার অভাব টের পাবে গোটা দল।
আর কদিন পরই রোহিত-বিরাট হীন ভারতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও এবার থেকে এটার সঙ্গেই অভ্যস্ত হতে হবে দেশের ক্রিকেটপ্রেমীদের কারণ ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সম্প্রতি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা। শুভমান গিলের নেতৃত্বে দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। যদিও তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়েই দল বানানো হয়েছে, যা দেখে অনেকে মনে করছেন যে ভারত জয় পেলেও কোথাও না কোথাও চাপ বোধ করবে।
এবার রোহিত-বিরাট হীন ভারতীয় ক্রিকেট দলের অবস্থা প্রসঙ্গে নিজের মতামত জানালেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি মনে করেন যে দুই তারকার শূন্যতা দ্রুত ভরাট করতে পারবে দল। তাঁর মতে যেভাবে আইপিএল থেকে নতুন প্রতিভা উঠে আসছে এবং আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্ম করছেন, তাতে খুব শীঘ্রই সেই শূন্যতা ভুলে যাবে দল ও দেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও তিনি এটা স্বীকার করেছেন যে কোথাও না কোথাও তাঁদের অভিজ্ঞতার অভাব অনুভব করতে পারবে দল। বলা ভালো, ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ভালো পারফরমেন্স নিয়ে পন্টিং আশাবাদী।
পন্টিং বলেন, “দুজনের বদল পাওয়া কঠিন ঠিকই, তবে তাদের শূন্যতা যদি কোন দল শীঘ্র ভরাট করতে পারে, সেটা হলো ভারত। ওদের অজস্র যুব প্রতিভা রয়েছে। প্রায় দশ বছর ধরে আমি আইপিএলে দেখছি যে যশস্বী জয়েসওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা উঠে আসছে এবং আন্তর্জাতিক স্তরে বেশ ভালো পারফর্ম করছে। তবে হ্যাঁ দক্ষতার ক্ষেত্রে বদল পাওয়া গেলেও অভিজ্ঞতার ব্যাপারে অভাব তারা টের পাবেই। শুভমান গিলের মতো অল্প বয়সী অধিনায়ক তার পাশে কেএল রাহুল ও জাসপ্রিত বুমরাহের মতো ক্রিকেটারদের পাবে। ভারত এই সময়টা ভালোভাবে সামলাতে পারবে।” এবার দেখার বিষয় যে ইংল্যান্ডের মাটিতে কেমন পারফর্ম করেন তাঁরা।

