দেবজিৎ মুখার্জি: গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, টিম ইন্ডিয়ার অবস্থার অবনতি ঘটেছে। এক কথায় বলতে গেলে, লজ্জার নজির গড়ে চলেছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাঝে পরাজিত করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে লজ্জাজনক হারের শিকার হয় শুভমান গিল ও তাঁর বাহিনী। একেবারে হোয়াইটওয়াশ হয়েছে তারা। স্বাভাবিকভাবেই, এর জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা থেকেও অনেকটা দূরে চলে গিয়েছে তারা।
সেই চাপ আরো বাড়ালো নিউজিল্যান্ড। প্রথম পাঁচের মধ্যে নেই গৌতম গম্ভীরের ছেলেরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০তে জিতে দুই নম্বরে এসে পৌঁছেছে কিউইরা। ভারত ষষ্ঠ স্থানে চলে যাওয়ায় যেমন তারা চাপে পড়েছে, তেমনি পিছিয়েও পড়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনো পর্যন্ত ৯টি টেস্টের মধ্যে চারটিতে জিতেছে ভারত এবং হেরেছে চারটিতে। দলের পয়েন্টের শতাংশের হার ৫৪.১৭ থেকে নেমে এসেছে ৪৮.১৫তে। সুতরাং এখন সমস্যা চরম গোটা দলের। বলা ভালো, দরজা বন্ধ হতে চলেছে তাদের জন্য।
অন্যদিকে, শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচটির পাঁচটিতে জিতে তাদের পয়েন্টের শতাংশের হার ১০০। নতুন সার্কেলে ৪টি টেস্টের মধ্যে তিনটিতে দক্ষিণ আফ্রিকা এবং এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশের হার ৭৫। অন্যদিকে শ্রীলংকা রয়েছে চতুর্থ স্থানে। এই পর্যন্ত দুটি টেস্টের মধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করেছে তারা। তাদের পয়েন্টের শতাংশের হার ৬৬.৬৭। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। এই পর্যন্ত তাদের পয়েন্ট শতাংশের হার ৫০। ভারতের পরে যদিও রয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে।
এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। ভারতীয় ক্রিকেট দলের কপালে কি লেখা আছে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমী সহ গোটা ক্রিকেটমহলের মধ্যে। বাকি ম্যাচগুলিতে দলের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে বর্তমানে টেস্টে ভারতের যা অবস্থা, তা নিয়ে চিন্তায় সকলেই। কিভাবে এই দলকে আগের হালে ফিরিয়ে আনা যায়, তা এখন এক বড় চর্চার বিষয়।
