দেবজিৎ মুখার্জি: “দেশের জার্সিতে খেলার জন্য অপেক্ষায় রয়েছি” ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে এমনটাই জানিয়ে দিলেন চলতি আইপিএলে এখনো পর্যন্ত অরেঞ্জ ক্যাপ হোল্ডার সাই সুদর্শন। তিনি জানান যে ভারতীয় ক্রিকেট দলের জায়গা পাওয়ার কথা ভেবে আলাদা করে প্রস্তুতি শুরু করেননি, বরং মরশুমের কথা ভেবে শুরু করেছিলেন। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করেন যে যেভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন, সেভাবেই খেলার চেষ্টা করেছেন।
আর দুটি ম্যাচ পরই শেষ হবে আইপিএল। তারপর ভারতীয় ক্রিকেট দল, শুভমান গিলের নেতৃত্বে, খেলতে নামবে টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচগুলি খেলা হবে ইংল্যান্ডের মাঠগুলিতে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সুযোগ পাওয়া ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিয়েছেন পারফর্ম করার জন্য। সকলেই এখন জাতীয় দলে জায়গা পাকা করার জন্য এই সিরিজকে পাখির চোখ করেছেন। সবমিলিয়ে, গোটা দল তৈরি ইংল্যান্ডকে হারানোর জন্য।
তবে চলতি আইপিএলে ব্যাট হাতে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন গুজরাট টাইটানসের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি জায়গা পেয়েছেন দলে। নিজের প্রথম ম্যাচের অপেক্ষায় রয়েছেন তিনি। সেই কথা মাথায় রেখে তিনি জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জাতীয় দলে ছাপ ফেলার জন্য নিজেকে সবদিক দিয়ে তৈরি করছেন সুদর্শন। ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন যাতে খেলার সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারেন।
এই প্রসঙ্গে নিজের মতামত জানান সাই সুদর্শন। তিনি জানান যে আর পাঁচটা ক্রিকেটারের মতো তিনিও চান দেশের হয়ে খেলতে। সুদর্শন বলেন, “সকলেই দেশের হয়ে খেলার জন্য অপেক্ষা করে। আমারও একই অবস্থা। তবে জাতীয় দলের সুযোগ পাওয়ার কথা ভেবে আলাদা কিছু করিনি। মরশুমের কথা মাথায় রেখেই অনুশীলন শুরু করেছিলাম। যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, খেলার চেষ্টা সেভাবেই করেছি। তবে ৩ মাস ধরে সাদা বল টুর্নামেন্ট খেলার পর কিছু বদল এসেছে ব্যাটিংয়ে। নিজের সেরাটা সর্বদা দিতে চাই দেশের জন্য।” এরপর কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা জানান সুদর্শন। তিনি বলেন, “ভালো অভিজ্ঞতা ছিল। এখান থেকেই খেলার উন্নতি হয়েছে। আশা করছি অভিজ্ঞতাগুলি কাজে লাগবে ইংল্যান্ডের বিরুদ্ধে।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত তিনি খেলার সুযোগ পান কিনা। তাঁকে কি সুযোগ দেওয়া হবে কোন ম্যাচে? দিলেও কি তিনি নিজেকে প্রমাণ করে দেখাতে পারবেন? তা বলবে সময়।

