দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্ট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছেন প্রায় ৬ মাস হতে যায়। তারপর থেকে দলের ব্যাটিং বিভাগে তেমন ধারাবাহিকতা দেখা যায়নি। বলা ভালো, তেমন আগ্রাসন দেখা যায়নি ব্যাটিং বিভাগে। ইংল্যান্ডের মাটিতে কোনমতে সিরিজ ড্র করার পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালোই পারফর্ম করেছে দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাটিং বিভাগের অবস্থা অত্যন্ত শোচনীয়। ইডেন টেস্টের পর গুয়াহাটিতেও তাদের পারফরম্যান্স সকলকে হতাশ করেছে। এই আবহাওয়ায় সমাজমাধ্যম থেকে একটি বিশেষ বার্তা দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।
শ্রীবৎস গোস্বামী বিরাট কোহলির সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরাট সহ গোটা ভারতীয় ক্রিকেট দল নিয়ে একটি বিশেষ বক্তব্য পেশ করেন। তাঁর মতে কিং কোহলির অবসর নেওয়া উচিত ছিল একদিনের ক্রিকেট থেকে, টেস্ট থেকে নয়। এখানেই শেষ নয়, সেই পোস্টে তিনি বিরাটের ভুয়সী প্রশংসাও করেন। তাঁর মতে কিং কোহলির উপস্থিতি দলের মধ্যে বিশ্বাস জাগাতো যে যেকোনো পরিস্থিতি থেকে তারা জিততে পারে। এক কথায় বলতে গেলে, তিনি বোঝান যে বিরাটের একেবারেই উচিত হয়নি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া।
পোস্টে কি বলেছেন শ্রীবৎস? সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “টেস্ট ক্রিকেট থেকে অবসর না নিয়ে বিরাটের উচিত ছিল একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া। অন্তত যতক্ষণ না শেষ হয়ে যায়। এরপরই মর্ডান ডে চেজ মাস্টারের প্রশংসা করে তিনি বলেন, “ওকে মিস করছে টেস্ট ক্রিকেট। শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়। যখন দেশের হয়ে ও মাঠে খেলতে নামে, যেই প্রাণশক্তি, ভালোবাসা ও আবেগ ফুটে উঠতো, সেটা থেকে দলের মধ্যে একটা বিশ্বাস তৈরি হতো যে আমরা ম্যাচ জিততে পারি যেকোন পরিস্থিতি থেকে।” বাংলার প্রাক্তন ক্রিকেটারের এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগেনি এবং এরপরই তা হয়ে ওঠে চর্চার বিষয়।
প্রসঙ্গত, বিরাট কোহলি ও রোহিত শর্মার একইসঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তৈরি হয়েছিল জোরদার বিতর্ক। একশ্রেণীর ক্রিকেটপ্রেমী ও প্রাক্তন তারকা মনে করছিলেন যে দুজনেই হয়তো অবসর নিতে চাননি, বরং তাঁদের চাপ দেওয়া হয়েছে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সরে দাঁড়াবার জন্য। অনেকে আবার এর জন্য দলের হেড কোচ গৌতম গম্ভীরকেও দোষারোপ করেছিলেন।

